শিরোনাম

ঢাকা, ২১ এপ্রিল ২০২৬ (বাসস) : বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দশ ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন নাহিদ রানা।
২০২৪ সালের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় রানার। এরপর এখন অবধি ১০ ম্যাচ খেলে ১৯ উইকেট শিকার করেন তিনি। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ইনিংসে ৫ উইকেটের দেখা পান রানা। এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ইনিংসে প্রথমবারের মত ৫ উইকেট শিকার করেছিলেন এই ডান-হাতি পেসার।
বাংলাদেশের বোলারদের মধ্যে ক্যারিয়ারে প্রথম ১০ ম্যাচ থেকে সর্বোচ্চ উইকেট শিকারে শীর্ষে আছেন মুস্তাফিজুর রহমান। ২৮ উইকেট শিকার করেছিলেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আরেক পেসার এবাদত হোসেন। ক্যারিয়ারের শুরুতে প্রথম দশ ম্যাচে ২০ উইকেট নেন এবাদত।
সমান ১৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন রানা। তবে তার সাথে তৃতীয় স্থানে আছেন স্পিনার আরাফাত সানি ও পেসার তাসকিন আহমেদ। সানি ও তাসকিন ১৯টি করে উইকেট শিকার করেন।
ওয়ানডে ইতিহাসে ক্যারিয়ারের প্রথম দশ ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড নিউজিল্যান্ড পেসার মিচেল ম্যাকক্লেনাঘানের। ২০১৩ সালে ওয়ানডেতে অভিষেকের পর দশ ম্যাচে ২৯ উইকেট শিকার করেছিলেন তিনি।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন। ক্যারিয়ারের শুরুতে প্রথম দশ ম্যাচে ২৮ উইকেট শিকার করেন তিনি।