শিরোনাম

ঢাকা, ২১ এপ্রিল ২০২৬ (বাসস) : ভারতের তারকা বিরাট কোহলির জন্য ক্রিকেটের খোঁজ-খবর রাখেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। স্পেনের মাদ্রিদের লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে এ কথা বলেন তিনি।
ভারতে গিয়ে কোহলির সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন জকোভিচ। তার সাথে টেনিস ও ক্রিকেট খেলার স্বপ্ন দেখছেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচ।
লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে টাইমস নাউ-কে কোহলির প্রশংসা করে জকোভিচ বলেন, ‘কোহলি আমার বন্ধু। আমি তাকে সম্মান ও প্রশংসা করি। সত্যি বলতে, আগে আমি ক্রিকেট অনুসরণ করতাম না। কোহলির জনই আমি ক্রিকেট অনুসরণ শুরু করি। কোহলির জন্য ক্রিকেটের প্রতি বেশি আগ্রহী হয়ে উঠি।’
ভারতে গেলে কোহলির সাথে টেনিস ও ক্রিকেট খেলার স্বপ্ন দেখছেন জকোভিচ। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন জকোভিচ বলেন, ‘আমাদের মধ্যে যোগাযোগ আছে। আশা করি, আমি যখন ভারত যাব তখন সে থাকবে এবং আমরা একসাথে টেনিস ও ক্রিকেট খেলতে পারব। অনেক মজাও করতে পারব। ইতিবাচক ও ভালো অনুভূতি ছড়িয়ে খেলাধুলাকে উদযাপন করতে পারব।’
বর্তমানে টেনিস আঙ্গিনায় জকোভিচের প্রধান দুই প্রতিপক্ষ ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাস। তবে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সাথে লড়াইকে সর্বকালের সেরা বলছেন জকোভিচ। তিনি বলেন, ‘সিনার ও আলকারাজের সাথে লড়াই উপভোগ করি। কিন্তু আমার মতে, ব্রিগ থ্রি’র (ফেদেরার-নাদাল ও জকোভিচ) লড়াই সর্বকালের সেরা।’
২০২৫ সালের জুলাইয়ে স্ত্রী আনুষ্কা শর্মাকে নিয়ে লন্ডনে উইম্বলডনের সেন্টার কোর্টে জকোভিচের খেলা উপভোগ করেছেন কোহলি। চতুর্থ রাউন্ডে অ্যালেক্স ডি মিনাউরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি।
জকোভিচের খেলা দেখে সংবাদমাধ্যমে সার্বিয়ান টেনিস তারকার প্রশংসা করেছেন কোহলি। জকোভিচকে ‘গ্ল্যাডিয়টর’ বলে অভিহিত করেন তিনি।