শিরোনাম

ঢাকা, ২১ এপ্রিল ২০২৬ (বাসস) : বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজ নির্ধারনী ঐ ম্যাচের টিকিটের মূল্য আজ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির জানিয়েছে, টিকিটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা এবং সর্বোচ্চ আড়াই হাজার টাকা নির্ধারন করা হয়েছে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের টিকিট অনলাইনে পাওয়া যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।
পূর্ব গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ২শ টাকা। পশ্চিম গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট ৬শ টাকা করে নির্ধারন করা হয়েছে।
গ্র্যান্ড স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম অংশের টিকিটের দাম ধরা হয়েছে ২৫০০ টাকা করে। স্টেডিয়ামের ছাদে অবস্থিত পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়ন এন্ডের টিকিটের দামও ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই চারটি জায়গার টিকিটের দামই সবচেয়ে বেশি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ২৬ রানে জিতে সিরিজ শুরু করে নিউজিল্যান্ড। একই ভেন্যুতে গতকাল দ্বিতীয় ওয়ানডে ৬ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতায় ফেরায় বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ।
এরপর ২ মে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।