বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ২২:১৭

সঠিক লাইন-লেন্থে বল করে সফল রানা

ঢাকা, ২০ এপ্রিল ২০২৬ (বাসস) : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৬ উইকেটে জয়ের নায়ক পেসার নাহিদ রানা। ১০ ওভার বল করে ৩২ রানে ৫ উইকেট নেন রানা। সঠিক লাইন-লেন্থে বল করে নিউজিল্যান্ড ব্যাটারদের বিপক্ষে সফল হয়েছেন বলে জানান তিনি। 

ম্যাচ শেষে রানা জানান, প্রথম ম্যাচে অনেক বেশি রান দিলেও আজ ভাল করতে মুুখিয়ে ছিলাম। সঠিক লাইন-লেন্থে বল করে সফল হয়েছি। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ব্যাটারদের ব্যর্থতায় ২৬ রানে হারে বাংলাদেশ। ঐ ম্যাচে বল হাতে সুবিধা করতে পারেননি রানা। ১০ ওভারে ৬৫ রানে ১ উইকেট শিকার করেন তিনি। যা বাংলাদেশের বোলারদের মধ্যে ব্যয়বহুল বোলিং ফিগার ছিল। 

তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি রানা। দ্বিতীয় ম্যাচেই বল হাতে নিউজিল্যান্ডকে গুড়িয়ে দিয়েছেন তিনি। আক্রমনে এসে নিজের প্রথম দুই ওভারেই দুই উইকেট শিকার করেন রানা। পাঁচ ওভারের প্রথম স্পেলে ১০ রান খরচ করে ২ উইকেট পকেটে ভরেন তিনি। 

দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসেই বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন রানা। চতুর্থ উইকেটে ৬৬ বলে ৫৬ রান যোগ করা নিক কেলি ও মুহাম্মদ আব্বাসের জুটি ভাঙ্গেন তিনি। এই স্পেলে ৩ ওভার বল করে ১০ রানে নেন ১ উইকেট। এরপর নিজের শেষ দুই ওভারে আরও ২ উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ইনিংসে পাঁচ উইকেটের দেখা পান রানা।

সঠিক লাইন লেন্থে বল করে নিউজিল্যান্ডের ব্যাটারদের বধ করেছেন বলে জানান রানা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। আজ আমরা খুব ভালো খেলেছি এবং গুরুত্বপূর্ণ একটি জয়ের স্বাদ পেয়েছি। আগের ম্যাচে আমি বেশ কিছু রান দিয়েছিলাম। আজ শুধুমাত্র উইকেটই শিকার করিনি। সঠিক লাইন ও লেন্থে বল করে সফল হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আগের ম্যাচ থেকে আমি শেখার চেষ্টা করেছি। চেষ্টা করেছি যেন, আগের ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি না হয় এবং সঠিক জায়গায় বল করার চেষ্টা করেছি। এমন পারফরমেন্সে আমি খুশি এবং আশা করি ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।’

দলের পারফরমেন্সে খুশি বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বোলারদের প্রশংসা করে মিরাজ বলেন, ‘ছেলেরা খুব ভালো করেছে। নিজেদের কাজটা ঠিকঠাক করেছে। রানা খুব ভালো বল করেছে। সাথে শরিফুল ও তাসকিনও নিজেদের সেরাটা দিয়েছে। এই কন্ডিশনে ভালো বল করা সহজ নয়।’

নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৯৯ রানের টার্গেটে খেলতে নেমে ২১ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ১১০ বলে ১২০ রান যোগ করে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন ওপেনার তানজিদ হাসান ও নাজুমল হোসেন শান্ত। তাই তানজিদ ও শান্তর জুটি গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন মিরাজ। 

তিনি বলেন, ‘শুরুতে ২ উইকেট পতনের পর তানজিদ-শান্ত ভালো ব্যাটিং করেছে। তাদের ১শ রানের জুটি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আর শেষ দিকে তাওহিদ হৃদয়ের ছোট ইনিংস জয় নিশ্চিত করে।’