বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১৭:৫৮
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৮:২৪

রুবেল-আফতাবের পর রানা

ঢাকা, ২০ এপ্রিল ২০২৬ (বাসস) : বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেটের দেখা পেলেন পেসার নাহিদ রানা। 

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বল করে ৩২ রানে ৫ উইকেট নেন রানা। 

এর আগে ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছিলেন আফতাব আহমেদ ও রুবেল হোসেন।

২০০৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে প্রথম পাঁচ উইকেটের দেখা পান মিডিয়াম পেসার আফতাব। ঢাকা জাতীয় স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে ৩১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছিলেন আফতাব। 

ঐ ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৩.৪ ওভারে ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে আফতাবের বিধ্বংসী বোলিংয়ের পরও ৩২ বল বাকী থাকতে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।   

এরপর ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ নেন পেসার রুবেল। হ্যাটট্রিকসহ ৫.৫ ওভার বল করে ২৬ রানে ৬ উইকেট নেন রুবেল। তার দুর্দান্ত বোলিং পারফরমেন্সে ২৬৫ রান তুলে বৃষ্টি আইনে ৪৩ রানে জিতেছিল বাংলাদেশ।  

আফতাব-রুবেলের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার তালিকায় নাম তুলেছেন রানা। ১০ ওভার বল করে ৩২ রানে ৫ উইকেট নেন তিনি। দশ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন রানা। 

গত মাসে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৭ ওভারে ২৪ রানে ৫ উইকেট শিকার করেছিলেন রানা। পাকিস্তানের বিপক্ষে ঐ ম্যাচের বোলিং ফিগারই রানার ক্যারিয়ার সেরা হয়ে আছে।