বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ২০:৩৬

লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দিলেন লিটন ও মিরাজ

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬ (বাসস) : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দলবদলের প্রথম দিনে অবিক্রিত থাকার পর, দ্বিতীয় দিন লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের দুই ফরম্যাটের দুই অধিনায়ক লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

গত মৌসুমের ডিপিএলের দলবদলে দল না পেয়ে তামিম ইকবালের দল গুলশান ক্রিকেট ক্লাবে যোগ দেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন। আগের আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন ওয়ানডে অধিনায়ক মিরাজ।

লিটন-মিরাজের সাথে চুক্তি করার দিন লিজেন্ডস অফ রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল উপস্থিত ছিলেন।

নতুন দলে যোগ দিতে পেয়ে উচ্ছসিত লিটন। তিনি বলেন, ‘এটা অবশ্যই আমার জন্য একটি ভালো অভিজ্ঞতা। আমি দীর্ঘদিন ধরে এক জায়গায় খেলছিলাম। গত বছর আমি গুলশানের হয়ে খেলেছি। এবার নতুন দলে সুযোগ পেলাম। আমরা বাদল ভাইকে আগে থেকেই চিনি। সবসময় ভালো দল গড়ার চেষ্টা করেন তিনি। আমরা যতগুলো ম্যাচ পাই না কেন, প্রতিটি ম্যাচেই অবদান রাখার চেষ্টা করব।’

জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ককে একই দলে আনার জন্য লিজেন্ডস অফ রূপগঞ্জের ক্লাব ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান মিরাজ।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের দু’জনকে দলে নেওয়ার জন্য আমি বাদল ভাইকে ধন্যবাদ জানাই। ক্লাব ক্রিকেটে তার অবদানের কথা আমরা সবাই জানি। রূপগঞ্জের হয়ে এটা আমার প্রথম অংশগ্রহণ। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

লিগ শিরোপা জয়ের জন্যই লিজেন্ডস অফ রূপগঞ্জ মাঠে নামবে বলে জানান মিরাজ। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। এবারের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। যদি আমরা একসাথে ভালো খেলতে পারি, ইনশাআল্লাহ আমাদের চ্যাম্পিয়ন হবার সুযোগ থাকবে।’

মিরাজের সাথে একই সুরে কথা বলেছেন লিটনও। তিনি বলেন, ‘যদি আমরা ভালো বোঝাপড়া নিয়ে একসাথে খেলতে পারি, তাহলে আমাদের শিরোপা জয়ের সুযোগ থাকবে। আমাদের প্রথম অগ্রাধিকার সবসময় জাতীয় দলের দায়িত্ব। যখনই আমরা সুযোগ পাব ক্লাবকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব।’

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে একত্রে খেলছেন লিটন ও মিরাজ। কিন্তু ঘরোয়া ক্লাব ক্রিকেটে এবারই প্রথম একই দলে আছেন তারা। 

লিটন বলেন, ‘আমি এর আগে ক্লাব ক্রিকেটে মিরাজের সাথে কখনও খেলিনি। আমরা জাতীয় দলের হয়ে সব ফরম্যাটে একসাথে খেলেছি। কিন্তু তার সাথে এটাই আমার প্রথম ঢাকা লীগে খেলা হবে।’