শিরোনাম

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬ (বাসস) : প্রথম ওয়ানডে হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরানোর ব্যাপারে আশাবাদী টাইগার পেসার শরিফুল ইসলাম।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটারদের ব্যর্থতায় ২৬ রানে ম্যাচ হারে বাংলাদেশ। ব্যাটাররা ব্যর্থ হলেও, প্রথম ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে টাইগার বোলাররা। হার দিয়ে শুরু হলেও সিরিজে সমতা ফেরানোর সামর্থ্য বাংলাদেশের আছে বলে মনে করেন শরিফুল।
দ্বিতীয় ম্যাচের আগে শরিফুল বলেন, ‘আমাদের হাতে এখনও দুটি ম্যাচ আছে। সিরিজে সমতা ফেরানো সামর্থ্য আমাদের আছে। নিউজিল্যান্ড খুবই ভাল দল। পাশাপাশি আমরাও ভাল দল। আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী।’
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হবার আগ মুর্হূতে ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করায় একাদশ থেকে ছিটকে পড়েন মুস্তাফিজুর রহমান। তার জায়গায় একাদশে সুযোগ পান শরিফুল। ১৬ মাস পর ওয়ানডে খেলতে নেমে বল হাতে চমক দেখান তিনি। ১০ ওভার বল করে ২৭ রানে ২ উইকেট শিকার করেন এই বাঁ-হাতি পেসার।
শরিফুলের দুর্দান্ত বোলিং পারফরমেন্সে দল নির্বাচন নিয়ে সমস্যায় পড়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কারন সুস্থ হয়ে উঠায় একাদশে ফিরতে পারেন মুস্তাফিজ। সেক্ষেত্রে কাকে বাদ দেওয়া হবে, সেটিই এখন বড় বিষয়।
শরিফুলের জানিয়েছেন একাদশ নির্বাচনের কাজ টিম ম্যানেজমেন্টের। তিনি বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে দলের ১৫ জন সদস্যই খেলার জন্য প্রস্তুত আছে। কোচ একাদশ চূড়ান্ত করবেন, এখানে আমার কোন হাত নেই। দলের সুবিধা হবে এমন একাদশ নিয়েই আমরা মাঠে নামবো।’
প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৪৭ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪৮.৩ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
ব্যাটিং ব্যর্থতার পরও ব্যাটারদের দিকে আঙুল তুলতে নারাজ শরিফুল। তিনি বলেন, ‘যখন আমরা হেরে যাই তখন সবারই খারাপ লাগে। আমরা যদি আরও ভালো বোলিং করতে পারতাম তাহলে ব্যাটারদের জন্য পরিস্থিতি সহজ হতো।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করি ব্যাটাররা পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে এবং আমরা একে অপরকে সমর্থন করব। ক্রিকেট এভাবেই চলে। যখন আমরা জিতি তখন আমরা দল হিসেবেই জিতি।’