শিরোনাম

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬ (বাসস) : নিলামে দল না পেলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েৎজি।
ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার ডেভিড পেইনের ইনজুরিতে কপাল খুলেছে কোয়েৎজির। গোড়ালির ইনজুরির কারনে আইপিএলের বাকী মৌসুমে আর খেলতে পারবেন না পেইন। তার জায়গায় ২ কোটি রুপিতে কোয়েৎজিকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
এবারের আসরেই প্রথমবারের মত আইপিএল খেলার সুযোগ পান পেসার পেইল। হায়দারাবাদের হয়ে দুই ম্যাচ খেলেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে অপরাজিত ৬ রান ও ৩৫ রানে ২ উইকেট শিকার করেন পেইন।
পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাট করার সুযোগ না পেলেও ২ ওভার বোলিং করেছেন পেইন। ঐ ২ ওভারে ৩৫ রান দিয়েও কোন উইকেট নিতে পারেননি।
বদলি খেলোয়াড় হিসেবে এবারের আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন পেইন। টুর্নামেন্ট শুরুর আগে পায়ের ইনজুরিতে পড়েন অস্ট্রেলিয়ার জ্যাক এডওয়ার্ডস। তার জায়গায় দলে সুযোগ পান পেইন।
আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে কোয়েৎজির। ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্স ও ২০২৫ সালে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন এই ডান-হাতি পেসার। দুই মৌসুমে আইপিএলে ১৪ ম্যাচ খেলে ১৫ উইকেট শিকার করেন কোয়েৎজি।
গেল মাসে নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন কোয়েৎজি। ৫ ইনিংস বল করে ৮ উইকেট নেন তিনি। ওভারপ্রতি ৬.২১ রান দেন এই ডান-হাতি পেসার।
টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে সমান ৩টি করে জয়-হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে হায়দারাবাদ।