শিরোনাম

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস) : আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ| গত কয়েক মাস ধরে ডিপিএল মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ছিলেন দেশের ক্রিকেটাররা|
আজ ডিপিএলের দলবদলের প্রথম দিন সংবাদমাধ্যমকে মাহমুদুল্লাহ বলেন, ‘অবশেষে ডিপিএল শুরু হতে যাচ্ছে, বিষয়টা আমাদের ¯^স্তি দিচ্ছে| আমরা সবাই এই সুযোগের অপেক্ষা করছিলাম| এটি ক্রিকেটারদের জন্য অবশ্যই আনন্দের বিষয়|’
ডিপিএল নিয়ে খেলোয়াড়রা যখন অনিশ্চয়তার মধ্যে ছিল, ঠিক তখনই তামিমের এগিয়ে আসার প্রশংসা করেন মাহমুদুল্লাহ|
তিনি বলেন, ‘তামিম এসেই ডিপিএল শুরুর উদ্যোগ নিয়েছে| এজন্য পুরো কৃতিত্ব তামিমের প্রাপ্য| অবশ্যই এটি ক্রিকেটারদের আয়ের বড় উৎস| তবে দিন শেষে আমরা সবাই মাঠে থাকতে চাই| খেলার সুযোগ পাওয়ার চেয়ে বড় আর কিছুতে নেই|’
২০০৫ সালে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন মাহমুদুল্লাহ| আসন্ন লিগে আবারও প্রাইম ব্যাংকে খেলার সুযোগ পাওয়ায় ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন এই ডান-হাতি ব্যাটার|
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পেশাদারিত্বের প্রশংসা করে মাহমুদুল্লাহ জানান, সময়মত খেলোয়াড়দের পারিশ্রমিক প্রদান এবং মানসম্মত সুযোগ-সুবিধা নিশ্চিত করে এই ক্লাবটি|
আসন্ন মৌসুমের জন্য প্রাইম ব্যাংক ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে বলে মনে করেন মাহমুদুল্লাহ| দলে বিভিন্ন বিভাগে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশ্রণ আছে জানিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘প্রাইম ব্যাংকে যে দল পেয়েছি তাতে আমি খুব খুশি| আমার মনে হয় এটি একটি ভারসাম্যপূর্ণ দল|’
তিনি আরও বলেন, ‘আমাদের টপ অর্ডারে আজিজুল হাকিম, তামিম, শাহাদাত হোসেন দীপুর মতো খেলোয়াড় আছে| মিডল অর্ডারে আমার সাথে থাকছেন শামিম পাটোয়ারি এবং কিছু প্রতিভাবান তরুণ খেলোয়াড়| আমাদের দলের পেস ও স্পিন বিভাগও বেশ শক্তিশালী| পেস ও স্পিন বিভাগে আছে আলিস আল ইসলাম, রাফসান এবং তানজিম হাসান সাকিবের মত বোলাররা|’