শিরোনাম

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস) : রাজধানীর মাঠগুলো সংস্কার করে শিশু-কিশোরদের খেলার উপযোগী করার লক্ষ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের পরিদর্শন টিম কার্যক্রম শুরু করেছে|
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজররুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনর প্রশাসক মো: আবদুস সালাম, ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম|
পরিদর্শনকারী দলটি আজ কালশি খেলার মাঠ, মহাখালী টিএন্ডটি মাঠ, মগবাজার মধুবাগ খেলার মাঠ, বাসাবো বালুর মাঠ, গোলাপ বাগ মাঠ এবং ধুপখোলা মাঠ পরিদর্শন করেন| পরিদর্শনকালে মন্ত্রীগণ খেলার মাঠসমূহের বিদ্যমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং রাজধানীর খেলার মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন|
পরিদর্শন শেষে মাঠগুলোর সংস্কার ও বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়| ঢাকা মহানগরীর প্রতিটি এলাকায় খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির এই সমšি^ত কার্যক্রম চলমান থাকবে|
দুপুরে মিরপুরের কালসি মাঠে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা রাজধানীর মাঠগুলোকে খেলার উপযোগী করে গড়ে তোলার পদক্ষেপের অংশ হিসেবে সরেজমিনে পরিদর্শনে নেমেছি|
তিনি বলেন, এ জন্য যেহেতু সংশ্লিষ্ট সকল সংস্থার সহায়তা প্রয়োজন তাই ওইসব দপ্তর প্রধানদের সঙ্গে নিয়ে আমরা মাঠগুলো দেখতে এসেছি| সেগুলোর সমস্যার ওপর বাস্তবভিত্তিক সমাধান কী নেয়া যায় এবং পাশাপাশি সমস্যাগুলো চিহ্নিত করে পরবর্তীতে আমরা আন্ত:মন্ত্রণালয় সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব|
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর সকল এলাকায় কীভাবে অন্তত একটি করে খেলার মাঠ প্রস্তুত করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে| এ লক্ষ্যকে সামনে রেখে আমরা কর্মসূচি প্রণয়ন করছি এবং সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছি|