শিরোনাম

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব| তিনি দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান জানান|
প্রতিমন্ত্রী আজ ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত যুব কার্যক্রম অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান|
প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজের সার্বিক উন্নয়ন নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়েছে এবং এ পরিকল্পনায় সরাসরি নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান| তিনি বলেন, যুবসমাজের অবদান নিশ্চিত করার মাধ্যমে দেশের সমাজব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব| সরকার একটি সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করে| তাই কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব এবং প্রশিক্ষণ কোর্সগুলো যথাযথভাবে পরিচালনা করতে হবে|
প্রশাসনিক স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে প্রতিমন্ত্রী জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ অফিসে সময়মতো উপস্থিত থাকার এবং অধীনস্থদের উপস্থিতি তদারকির নির্দেশ দেন| তিনি আরও বলেন, সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময় এবং বরাদ্দকৃত বাজেটের মধ্যেই সম্পন্ন করতে হবে| উপজেলা ও জেলা পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা যাচাই করতে দ্রুত একটি ‘মনিটরিং সেল’ গঠনের নির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী|
প্রতিমন্ত্রী বলেন, দল-মতের ঊর্ধ্বে এসে সবাইকে দেশের স্বার্থে কাজ করতে হবে| কেউ যাতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে|
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত যুব উন্নয়ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন|