শিরোনাম

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস) : পাকিস্তান টেস্ট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ|
গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর টেস্ট দলের কোচের পদ ছাড়েন আজহার মাহমুদ| এরপর থেকে পাকিস্তান টেস্ট দলের কোচের পদ শূণ্য ছিল| বাংলাদেশ সফরকে সামনে রেখে সরফরাজকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)|
পাকিস্তানের হয়ে ৫৪ টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৬১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সরফরাজ| ২০১৭ সালে সরফরাজের নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান| ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে পাকিস্তান|
গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সরফরাজ| এ বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহীনসের মেন্টর ও ম্যানেজার হিসেবেও কাজ করেন তিনি|
পাকিস্তানের কোচিং প্যানেলে আরও কিছু পরিবর্তন এসেছে| বাংলাদেশ সিরিজে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আসাদ শফিক এবং বোলিং কোচ হিসেবে আছেন উমর গুল|
২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত ৭৭ টেস্ট, ৬০ ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শফিক| এসময় তিন ফরম্যাট মিলিয়ে ৬১৮৮ রান করেছেন তিনি|
২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন গুল| তিন ফরম্যাট মিলিয়ে ২৩৭টি ম্যাচ খেলে ৪২৭টি উইকেট শিকার করেছেন তিনি|