বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ২২:০৪

রান তাড়া করতে না পারার আফসোস সাইফের

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৪৮ রানের টার্গেটে খেলতে নেমে ভালো অবস্থায় থেকেও ম্যাচ জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ বাংলাদেশ ওপেনার সাইফ হাসান|

২১ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে সাইফ-লিটন দাস জুটিতে ৯৩ রানের সুবাদে দারুণভাবে লড়াইয়ে ছিল বাংলাদেশ| কিন্তু পরের দিকের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় ২৬ রানে হারতে হয় টাইগারদের| 

সাইফের মতে, উইকেটে সেট হওয়া ব্যাটারদের বড় ইনিংস খেলার পাশাপাশি ম্যাচ শেষ করে আসা উচিত ছিল| ম্যাচ শেষে সাইফ বলেন, ‘শুরু থেকেই উইকেট চ্যালেঞ্জিং ছিল| কিন্তু উইকেটে সেট হয়ে গেলে ব্যাট করা সহজ হয়ে যেত| নতুন ব্যাটারদের জন্য এটা কঠিন| আমি আরও কিছুক্ষণ থাকতে পারলে দলের জন্য কাজটা সহজ হয়ে যেত|’

স্ট্রাইক রোটেট করে খেলার প্রয়োজন ছিল বলে মনে করেন সাইফ| তিনি বলেন, ‘অবশ্যই উন্নতির আরও অনেক ক্ষেত্র আছে| উইকেট চ্যালেঞ্জিং ছিল, তবে আরও ভালো স্ট্রাইক রোটেশন করে খেললে আমাদের জন্য ভালো হতো|’

উইকেটের সাথে মানিয়ে নিতে ব্যাটাররা চেষ্টা করেছে বলে জানান সাইফ| তারপরও ব্যাটারদের ব্যর্থতার জন্য কোনো অজুহাত দিতে রাজি নন তিনি|

সাইফ বলেন, ‘আমরা পেশাদার ক্রিকেটার এবং ভিন্ন ভিন্ন অবস্থার সাথে মানিয়ে নিতে হবে| আমরা দীর্ঘ সময় ধরে লড়াইয়ে ছিলাম| কিন্তু গুরুত্বপূর্ণ সময় উইকেট হারিয়ে পিছিয়ে পড়ি| ড্রেসিংরুম থেকে পরিষ্কার বার্তা ছিল| কিন্তু আমরা ঠিকঠাক নিজেদের দায়িত্ব পালন করতে পারিনি|’

হার দিয়ে সিরিজ শুরু করলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সাইফের| তিনি বলেন, ‘নিউজিল্যান্ড খুবই ভালো দল| আমরা পরের ম্যাচেই আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব|’