বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ২০:৫৪

স্পেনে ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬ (বাসস) : স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি| স্পেনের পঞ্চম টায়ারের ক্লাব কর্নেয়া ক্লাব কিনেছেন তিনি|

এই প্রথমবারের মতো ইউরোপের কোনো ক্লাবের মালিক হলেন মেসি| তবে উরুগুয়ের পেশাদার ক্লাব দেপোর্তিভো এলএসএম ক্লাবে বিনিয়োগ রয়েছে তার|

কর্নেয়া ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ ফুটবলের পঞ্চম টায়ারে থাকা কর্নেয়া ক্লাবের মালিক হয়েছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসি| এতে বার্সেলোনার সাথে মেসির ঘনিষ্ঠ সম্পর্ক এবং কাতালোনিয়ায় খেলাধুলা ও স্থানীয় প্রতিভার বিকাশে তার অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে|

ক্লাব কর্তৃপক্ষ আরও জানায়, ‘মেসির আগমন ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে| এই উদ্যোগের লক্ষ্য হলো- ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়তা করা, ক্লাবের ভিত্তিকে শক্তিশালী এবং তরুণ প্রতিভা বিকাশে বিনিয়োগ বাড়ানো| দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই প্রকল্প এগিয়ে যাবে|’

১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয় কর্নেয়া| ২০১৩-১৪ মৌসুমে তৃতীয় টায়ারের লিগ সেগুন্দা ডিভিশন ‘বি’-তে খেলে তারা| ২০২১ সালে কোপা দেল’রের দ্বিতীয় রাউন্ডে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে চমক দেখায় কর্নেয়া|

কর্নেয়া স্টেডিয়ামের ধারণক্ষমতা দেড় হাজার| এই ক্লাব থেকেই উঠে এসেছেন জোর্ডি আলবা, গেরার্ড মার্টিন এবং ডেভিড রায়ার মতো তারকারা|