বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ২০:৩৭

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬ (বাসস) : ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্বে ঘোষিত সীমিত ওভারের সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)|

আগামী জুনে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া|

সংশোধিত সূচি অনুযায়ী, ৫ জুনের পরিবর্তে প্রথম ওয়ানডে ৯ জুন অনুষ্ঠিত হবে| সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে- ১১ ও ১৪ জুন| ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে|

এরপর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া| ২০ ওভারের ফরম্যাটের ম্যাচগুলো হবে যথাক্রমে- ১৭, ১৯ ও ২১ জুন| চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে|

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া| সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল অসিরা| সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিল সফরকারী অস্ট্রেলিয়া|

এর আগে, ২০০৬ সালে বাংলাদেশের মাটিতে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজটিও ৩-০ ব্যবধানে জিতেছিল অসিরা|

২০২১ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া| সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া| এছাড়া ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ^কাপেও খেলেছিল অসিরা|

২০০৬ ও ২০১৭ সালে বাংলাদেশের মাটিতে দুইবার টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া| ২০০৬ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে অসিরা| তবে পরেরবার দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ|