বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ১৫:৫০

নিকোলস-ফক্সক্রফটের হাফ-সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৪৭ রান

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬ (বাসস) : দুই ব্যাটার হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের জোড়া হাফ-সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান করেছে সফরকারী নিউজিল্যান্ড। নিকোলস ৬৮ ও ফক্সক্রফট ৫৯ রান করেন। বল হাতে বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ-শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। টাইগারদের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের আঁটসাঁট বোলিংয়ে প্রথম ৬ ওভারে ১৬ রানের বেশি তুলতে পারেনি নিউজিল্যান্ডের দুই ওপেনার হেনরি নিকোলস ও নিক কেলি।

সপ্তম ওভারে শরিফুলের হাত ধরে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ২৩ বলে ৭ রান করা কেলিকে বোল্ড করেন শরিফুল।

দলীয় ২১ রানে প্রথম উইকেট হারানোর পর বড় জুটি গড়ার চেষ্টা করেন নিকোলস ও উইল ইয়ং। ৮৮ বলে ৭৩ রান যোগ করেন তারা। ২টি চারে ৩০ রান করা ইয়ংকে শিকার করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার রিশাদ হোসেন। ব্যক্তিগত ১ রানে শরিফুলের বলে সাইফ হাসানের হাতে জীবন পেয়েছিলেন ইয়ং।

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ২টি চারে ১৪ রান করেন লাথাম।

তৃতীয় উইকেটে লাথামের সাথে ৩৩ রানের জুটি গড়ার পথে ওয়ানডেতে ১৭তম ও বাংলাদেশের বিপক্ষে পঞ্চম হাফ-সেঞ্চুরির দেখা পান নিকোলস। হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করার চেষ্টায় বেশি দূর যেতে পারেননি নিকোলস। উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে রিশাদের দ্বিতীয় শিকার হন তিনি। ৯টি চারে ৮৩ বলে ৬৮ রান করেন নিকোলস।

দলীয় ১৩১ রানে চতুর্থ ব্যাটার হিসেবে নিকোলস ফেরার পর সতীর্থদের নিয়ে ছোট-ছোট জুটিতে নিউজিল্যান্ডের রান দুইশ পার করেন আড়াই বছর পর এই মিরপুরেই ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ডিন ফক্সক্রফট। পঞ্চম উইকেটে মুহাম্মদ আব্বাসের সাথে ৪৭ বলে ৩৪, ষষ্ঠ উইকেটে জশ ক্লার্কসনকে নিয়ে ৩৪ বলে ২৭ এবং নাথান স্মিথের সাথে ৩২ বলে ৩৪ রান দলের স্কোরে জমা করেন ফক্সক্রফট।

সতীর্থদের সাথে জুটি গড়ার পথে ওয়ানডেতে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান ফক্সক্রফট। ৪৭তম ওভারের চতুর্থ বলে বাংলাদেশ পেসার নাহিদ রানার প্রথম শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। বোল্ড আউট হবার আগে ৮টি বাউন্ডারিতে ৫৮ বলে ৫৯ রান করেন ফক্সক্রফট।

দলীয় ২২৬ রানে সপ্তম ব্যাটার হিসেবে ফক্সক্রফট আউটের পর নিউজিল্যান্ডকে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানের সংগ্রহ এনে দেন নাথান স্মিথ। ২২ বলে ২১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।

১০ ওভার করে বল করে বাংলাদেশের হয়ে তাসকিন ৫০ রানে, শরিফুল ২৭ রানে, রিশাদ ৪৪ রানে ২টি করে উইকেট নেন। মিরাজ ও রানা ১টি করে উইকেট শিকার করেন।