শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬ (বাসস) : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠায় কামিন্সকে আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামীকাল আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলে যোগ দিবেন কামিন্স।
গত বছরের জুলাইয়ে পিঠের ইনজুরিতে পড়েন কামিন্স। এরপর ডিসেম্বরে অ্যাশেজের তৃতীয় টেস্টে খেলার পর আবারও মাঠের বাইরে ছিটকে যান তিনি।
ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারলেও, আইপিএল খেলতে হায়দারাবাদ শিবিরে যোগ দেন দলের অধিনায়ক কামিন্স।
পিঠের সর্বশেষ অবস্থা জানতে স্ক্যান করানোর জন্য এ মাসের শুরুতে ভারত থেকে অস্ট্রেলিয়া উড়ে যান কামিন্স। স্ক্যান রিপোর্টে সমস্যা না থাকায় কামিন্সকে খেলার ছাড়পত্র দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এক বিবৃতিতে সিএ জানিয়েছে, নতুন করে কামিন্সের স্ক্যান করা হয়েছে। আইপিএল দিয়ে কামিন্সের মাঠে ফিরতে আর কোন সমস্যা নেই। বিধিনিষেধ ছাড়াই আবারও বল করতে পারবেন কামিন্স। যে সমস্যার কারণে গত বছরের আগস্ট থেকে মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি, সেই সমস্যার সমাধান হয়েছে।
সব ঠিক থাকলে আগামী ২৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবেন কামিন্স।
কামিন্সের অনুপস্থিতিতে হায়দারাবাদকে নেতৃত্ব দিয়েছে ঈশান কিশান। ৫ ম্যাচ খেলে ২টিতে জয় ও ৩টিতে হেরে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে হায়দারাবাদ।