বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৭:০৩

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন কামিন্স

ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ এপ্রিল ২০২৬ (বাসস) : পিঠের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনও সানরাইজার্স হায়দারাবাদের হয়ে একটিও ম্যাচ খেলতে পারেননি অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

পিঠের সর্বশেষ অবস্থা জানতে স্ক্যান করানোর জন্য ভারত থেকে অস্ট্রেলিয়া উড়ে গেছেন তিনি। কারণ কামিন্সের পিঠের স্ক্যান করার তারিখ পূর্ব নির্ধারিত করে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

গত বছরের জুলাইয়ে পিঠের ইনজুরিতে পড়েন কামিন্স। এরপর ডিসেম্বরে অ্যাশেজের তৃতীয় টেস্টে অংশ নেন। ইনজুরিতে পড়ার পর মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন কামিন্স। 

ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারলেও, আইপিএল খেলতে হায়দারাবাদ শিবিরে ঠিকই যোগ দেন অধিনায়ক কামিন্স। তবে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তার জায়গায় হায়দারাবাদকে নেতৃত্ব দিচ্ছেন ইশান কিশান। 

পিঠের ইনজুরির অবস্থা জানতে শেষবারের মত স্ক্যান করাতে অস্ট্রেলিয়া উড়ে গেছেন কামিন্স। ইএসপিএনক্রিকইনফো প্রতিবেদন অনুযায়ী, পুর্ব-নির্ধারিত ছিল কামিন্সের পিঠের স্ক্যান করানোর বিষয়টি। যা ক্রিকেট অস্ট্রেলিয়ার অধীনেই হবে। 

সব কিছু ঠিকঠাক থাকলে এবং সিএ’র অনুমতি পেলে আগামী ১৭ এপ্রিল আবারও হায়দারাবাদ দলে যোগ দেবেন কামিন্স। সম্প্রতি একটি পডকাস্টে কামিন্স বলেছিলেন, ‘পিঠের চোট থেকে সুস্থ হচ্ছি। এখন শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল। নেটে বলও করেছি। আইপিএল শুরু হচ্ছে। প্রথম দিকে হয়তো খেলতে পারব না। তবে খুব তাড়াতাড়ি মাঠে ফেরার চেষ্টা করব। বল করা শুরু করেছি। প্রতিযোগিতার মাঝামাঝি সুস্থ হয়ে উঠার পরিকল্পনা সাজিয়েছি। সব ঠিকঠাক থাকলে আইপিএলের দ্বিতীয়ার্ধে এবং ফাইনালেও খেলতে পারব।’

এবারের আইপিএলে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটি করে জয় ও হারের স্বাদ পেয়েছে হায়দরাবাদ।