বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৫:৫৯

হ্যাটট্রিক হার রাওয়ালপিন্ডিজের

ঢাকা, ৫ এপ্রিল ২০২৬ (বাসস) : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) হ্যাটট্রিক হারের লজ্জা পেয়েছে বাংলাদেশের রিশাদ হোসেনের দল রাওয়ালপিন্ডিজ। গতরাতে লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৭ উইকেটে হারে রাওয়ালপিন্ডিজ। এ ম্যাচে ৩ রানের সাথে ১ উইকেট শিকার করেন রিশাদ। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ রানে ২ উইকেট হারায় রাওয়ালপিন্ডিজ। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও ইয়াসির খান ২ রান করে করেন। 

এরপর কামরান গুলামের হাফ-সেঞ্চুরির সাথে ডিয়ান ফরেস্টারের ঝড়ো ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ রানের লড়াকু সংগ্রহ পায় রাওয়ালপিন্ডিজ। তিন নম্বরে নামা কামরান ৩৯ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫০ এবং ফরেস্টার ২ চার ও ৪ ছক্কায় ১৯ বলে অপরাজিত ৪৪ রান করেন। 

আট নম্বরে নেমে ৬ বলে ৩ রান করেন রিশাদ। ইসলামাবাদের তিন বোলার ২টি করে উইকেট শিকার করেন। 

জবাবে ওপেনার সামির মিনহাসের মারমুখী ব্যাটিংয়ে ৫ ওভারে ৫৮ রান সংগ্রহ করে ইসলামাবাদ। ৭টি চার ও ৪টি ছক্কায় ৩৬ বলে ৭০ রানের ইনিংস খেলেন মিনহাস। 

মিডল অর্ডারে হায়দার আলি ১৬ বলে ২৬ ও মার্ক চাপম্যান ৭ বলে ২৪ রান করলে ৪ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় ইসলামাবাদ। 

৩ ওভার বল করে ৩৬ রানে ১ উইকেট নেন রিশাদ। ইসলামাবাদের ইনিংসের সপ্তম ওভারে প্রথম বল করতে এসে মাত্র ৫ রান দেন তিনি। তবে পরের ওভারে দেন ১২ রান। তৃতীয় ওভারে মোহাম্মদ ফাইককে শিকার করে ১৯ রান খরচ করেন তিনি। এরপর আর রিশাদকে বোলিংয়ে আনেননি রাওয়ালপিন্ডিজের দলনেতা রিজওয়ান। 

রাওয়ালপিন্ডিজের হয়ে নিজের প্রথম ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ৪ ওভার বল করে ৩৫ রানে ১ উইকেট শিকার করেছিলেন রিশাদ। এরপর করাচির কিংসের বিপক্ষে ৪ ওভারে ৩৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। 

৩ ম্যাচের সবগুলোতে হেরে এখনও পয়েন্টের দেখা পায়নি রাওয়ালপিন্ডিজ। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইসলামাবাদ।