শিরোনাম

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক এখন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
গতরাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চলতি আসরের ১১তম ম্যাচে মুলতান সুলতানসের মুখোমুখি হয়েছিল মুস্তাফিজের লাহোর কালান্দার্স। বৃষ্টির কারনে ১৩ ওভারের নির্ধারিত ম্যাচে লাহোরের সফল বোলার ছিলেন ফিজ।
৩ ওভার বল করে ৩৭ রানে সর্বোচ্চ ২ উইকেট নেন মুস্তাফিজ। আর এই ২ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেন ফিজ। বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি।
৩২৫ ম্যাচে ৪১৬ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। এরমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ১৫৮ উইকেট আছে তার।
সর্বোচ্চ উইকেট শিকারে শীর্ষে উঠার পথে পাকিস্তান পেসার মোহাম্মদ আমিরকে টপকে যান ফিজ। ৩৫৬ ম্যাচে ৪১৫ উইকেট আছে আমিরের।
পিএসএল শুরুর আগে ৪১২ উইকেট নিয়ে বাঁ-হাতি পেসারদের তালিকার তৃতীয় স্থানে ছিলেন মুস্তাফিজ। টুর্নামেন্টে লাহোরের প্রথম দুই ম্যাচে ১টি করে উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজকে টপকে যান ফিজ। ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট আছে রিয়াজের।
গতকাল মুলতানের বিপক্ষে ২ উইকেট নিয়ে আমিরকে পেছনে ফেলে শীর্ষে উঠেন মুস্তাফিজ। তবে শীর্ষ স্থান ধরে রাখার চ্যালেঞ্জ আছে ফিজের সামনে। কারণ চলতি আসরে রাওয়ালপিন্ডিজের হয়ে খেলছেন আমিরও। ২ ম্যাচে ২ উইকেট শিকার করেছেন তিনি।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সপ্তম স্থানে আছেন মুস্তাফিজ। ৫২০ ম্যাচে ৭০৩ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আফগানিস্তানের অভিজ্ঞ স্পিনার রশিদ খান।