বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১৭:০০

সিটি ও পিএসজির বিপক্ষে খেলতে পারছেন না এ্যালিসন

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল ও পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের উভয় লেগের লড়াইয়ে খেলতে পারছেন না লিভারপুল গোলরক্ষক এ্যালিসন বেকার। লিভারপুরের কোচ আর্নে স্লট এই তথ্য নিশ্চিত করেছেন। 

গত মাসে গ্যালাতাসারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচে ইনজুরিতে পড়েন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। আজ এফএ কাপের শেষ আটের লড়াইয়ে ম্যানচেস্টার সিটি সফরে যাবে রেডসরা। আগামী বুধবার পার্ক ডি প্রিন্সেসে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে লিভারপুল। ছয়দিন পর ঘরের মাঠে দ্বিতীয় লেগে পিএসজিকে আতিথ্য দিবে স্লটের দল। 

এ সম্পর্কে স্লট বলেন, ‘পিএসজির ম্যাচে এ্যালিসনকে আমরা পাচ্ছিনা। আগামী কিছুদিনের জন্য সে মাঠের বাইরে চলে গেছে। মৌসুমের শেষ নাগাদ তার সুস্থতার আশা করা হচ্ছে।’

সিটির বিপক্ষে আলেক্সান্দার ইসাকের ফিট হয়ে দলে ফেরার সম্ভাবনা রয়েছে। গত ডিসেম্বরে অনুশীলনের সময় তার পায়ের হারে চিড় ধরা পড়েছিল। তাকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চায়নি লিভারপুল। যে কারনে দীর্ঘদিনে তাকে পুনর্বাসনে প্রক্রিয়ায় থাকতে হয়েছে। 

আন্তর্জাতিক বিরতির আগে চোট পেয়ে গ্যালাতাসারের বিপক্ষে মাঠ ছাড়া এবং পরবর্তীতে ব্রাইটনের বিপক্ষে পরাজিত ম্যাচে অনুপস্থিত মোহাম্মদ সালাহ আসন্ন ম্যাচগুলোর জন্য নিজেকে প্রস্তুত করে তুলেছেন। গত সপ্তাহে তিনি মৌসুমের শেষে এ্যানফিল্ড ছাড়ার ঘোষনা দিয়েছেন। 

গত মৌসুমে শিরোপা জেতা লিভারপুল এবারের প্রিমিয়ার লিগে বেশ কঠিন সময় পার করছে। এই মুহূর্তে তারা লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। যদিও সপ্তম ইউরোপীয়ান শিরোপা জয়ের লক্ষ্যে সামনে এগিয়ে চলেছে। গত বছর শেষ ষোলর লড়াইয়ে পেনাল্টি শ্যুট আউটে ফরাশি চ্যাম্পিয়ন পিএসজির কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল। 

এ্যালিসনের অনুপস্থিতিতে ইত্তিহাদ স্টেডিয়ামে সিটির বিপক্ষে লিভারপুলের গোলবার সামলানোর দায়িত্ব পেয়েছেন জর্জিয়ান গোলরক্ষক গিওর্গি মামারডাশভিলি। ২০২২ সালে শিরোপা জয়ের পর এই প্রথম এফএ কাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে লিভারপুল।