বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১৬:৩৯

শ্রীলংকার কোচিং প্যানেলে নিকার্ক ও গ্রেগরি

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : শ্রীলংকা ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন নেদারল্যান্ডসের রায়ান ফল নিকার্ক। এছাড়া ফিল্ডিং ও স্পিন কোচ হিসেবে লংকানদের দায়িত্ব পেয়েছেন নেদারল্যান্ডসের জর্ডান গ্রেগরি।

এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। নিকার্কের সাথে দুই বছরের চুক্তি করেছে এসএলসি।  

২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত নেদারল্যান্ডস জাতীয় দলের বোলিং ও অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন নিকার্ক। ঐ সময় তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছিল নেদারল্যান্ডস।

শ্রীলংকা দলের ফিল্ডিং ও স্পিনারদের নিয়ে কাজ করবেন গ্রেগরি। এর আগে নেদারল্যান্ডস ক্রিকেট দলের ফিল্ডিং পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। শ্রীলংকার হাই পারফরমেন্স সেন্টারে দেশটির সব জাতীয় দলের সব ফিল্ডিং ও স্পিন বোলিংয়ের দেখভাল করবেন গ্রেগরি।

আগামী ১৫ এপ্রিল থেকে দুই কোচ দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন এসএলসি।