বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ২১:০২

পিরোজপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাজিরপুর একাদশ চ্যাম্পিয়ন

ছবি : বাসস

পিরোজপুর, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার জিয়ানগর উপজেলায় অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাজিরপুর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় নাজিরপুর ফুটবল একাদশ এবং মর্নিং ক্লাব মোংলা ফুটবল একাদশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় নাজিরপুর ও মর্নিং ক্লাব। নির্ধারিত সময় ২-২ গোলে খেলা শেষ করে দু’দল। পরবর্তীতে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। এতে ৪-৩ গোলে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে নাজিরপুর ফুটবল একাদশ।

ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন নাজিরপুর দলের শুভ।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব খায়রুল ইসলাম লাভলু এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা।

উল্লেখ্য, টুর্নামেন্টে মোট আটটি দল অংশ গ্রহণ করে।