শিরোনাম

ঢাকা, ২ এপ্রিল ২০২৬ (বাসস) : ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড দলে অ্যাটাকিং মিডফিল্ডার ফিল ফোডেনের জায়গা পাওয়া অনিশ্চিত বলে জানিয়েছেন প্রধান কোচ থমাস টুখেল।
ফিফা বিশ্বকাপে প্রীতি ম্যাচে জাপানের কাছে হারের পর টুখেল বলেন, বিশ্বকাপে ফোডেনের জায়গা এখনও নিশ্চিত নয়।
সম্প্রতি দু’টি প্রীতি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। উরুগুয়ের সাথে ১-১ গোলে ড্র করার পর জাপানের কাছে ১-০ গোলে হেরে যায় ইংলিশরা। দুই ম্যাচের একটিতেও নিজের সেরাটা দিতে পারেননি ফোডেন।
ফোডেনকে দিয়ে হ্যারি কেইনের শূন্যতা ঘোচাতে চেয়েছিলেন টুখেল। কিন্তু ব্যর্থ হয়েছেন ফোডেন। তাই বিশ্বকাপ দলে ফোডেনের জায়গা পাওয়া অনিশ্চিত বলে মনে করেন টুখেল।
জাপানের কাছে হারের পর টুখেল বলেন, ‘বিশ্বকাপ দলে ফোডেনের থাকা অনিশ্চিত। সাম্প্রতিক সময়ে সিটির হয়ে সে খুব বেশি সময় মাঠে ছিল না। কিন্তু ক্যাম্পে এবং অনুশীলনে খুব ভালো করেছে।’
সাম্প্রতিক সময়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে সর্বশেষ ১৫ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে একাদশের শুরু থেকে ছিলেন ফোডেন। গত ১৪ ডিসেম্বরের পর থেকে কোনো ম্যাচেই গোল করতে পারেননি তিনি।
ফোডেনকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল টুখেলের। কিন্তু দুই প্রীতি ম্যাচে ফোডেনের পারফরমেন্স মন ভরাতে পারেনি টুখেলের, ‘আমি ভেবেছিলাম সে আমাদের সবাইকে অবাক করে দেবে এবং একইরকম প্রাণশক্তি ও রোমাঞ্চ নিয়ে খেলবে। কিন্তু মাঠে সে প্রভাব রাখতে ব্যর্থ হয়েছে।’
ফিফার বেঁধে দেওয়া সময় অনুযায়ী, আগামী ৩০ মে’র মধ্যে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। ১৭ জুন যুক্তরাষ্ট্রের আর্লিংটনে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ইংল্যান্ড।