বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১৮:৩১

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

ঢাকা, ২ এপ্রিল ২০২৬ (বাসস) : আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। 

এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস।

ইতোমধ্যেই ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করেছে স্বাগতিক স্কটল্যান্ড। ২৮ মে শুরু হয়ে ৪ জুন পর্যন্ত চলবে সিরিজটি। সূচি অনুযায়ী, লিগ পর্বে একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে দলগুলো। 

এই সিরিজে কোনো ফাইনাল ম্যাচ রাখা হয়নি। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এডিনবার্গের ঐতিহ্যবাহী দ্য গ্রাঞ্জ ক্লাব মাঠে।

৩০ মে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। পরের দিন, ৩১ মে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগ্রেসরা। 

২ জুন ফিরতি পর্বে আবারও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৪ জুন লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। 

ত্রিদেশীয় সিরিজের সূচি :

২৮ মে : স্কটল্যান্ড-নেদারল্যান্ডস।
৩০ মে : বাংলাদেশ-স্কটল্যান্ড।
৩১ মে : বাংলাদেশ-নেদারল্যান্ডস।
২ জুন : বাংলাদেশ-স্কটল্যান্ড।
৩ জুন : স্কটল্যান্ড-নেদারল্যান্ডস।
৪ জুন : বাংলাদেশ-নেদারল্যান্ডস।