বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১৮:২১

বাগেরহাটে আন্তর্জাতিক জুডো খেলোয়াড় বুশরাকে সংবর্ধনা

ছবি : বাসস

ঢাকা, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : নেপালে সদ্য অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী বাগেরহাটের কন্যা ফাবিয়া বুশরাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।

আজ সকাল ১১টায় বাগেরহাট স্টেডিয়ামে মাসব্যাপী ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বুশরাকে সংবর্ধনা দেওয়া হয়। কয়েকশ খেলোয়াড়ের উপস্থিতিতে বুশরার হাতে ক্রেস্ট ও জেলা ক্রীড়া সংস্থার আর্থিক চেক তুলে দেওয়া হয়।

কৃতী জুডো খেলোয়াড় বুশরার হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন-জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মইনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সচিব শওকত আলী বাবু, প্রশিক্ষকবৃন্দ, বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষক, ফুটবল,অ্যাথলেটিকস ও সাঁতার প্রশিক্ষণ নিতে আসা কয়েকশ প্রশিক্ষণার্থী।

বক্তৃতায় প্রধান অতিথি জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, আজ বাগেরহাটের মেয়ে ফাবিয়া বুশরার হাত ধরে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গন থেকে গৌরব ছিনিয়ে এনেছে। অনেক প্রতিকূলতার বাধা ডিঙিয়ে তাকে এ পর্যায়ে আসতে হয়েছে। তাকে অনুসরণ করে বাগেরহাটের মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে আরও পদক অর্জন করবে বলে আমরা প্রত্যাশা করি। এক্ষেত্রে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণসহ সব ধরনের সহযোগিতা করবে।