শিরোনাম

ঢাকা, ১ এপ্রিল ২০২৬ (বাসস) : বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের আয়োজনে আজ বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী "১ম সভাপতি যুব স্কোয়াশ ২০২৬"।
ঢাকার আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে একটি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ কনসালটেন্ট জেনারেল (সিসিজি) মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঞা, এনডিসি, পিএসসি।
এই প্রতিযোগিতায় বান্দরবান, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, বিকেএসপি, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, আই ইউ বি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, গুলশান ক্লাবসহ ২০টি ক্লাব/প্রতিষ্ঠানের মোট ৮০ জন প্রতিযোগী অনূর্ধ্ব-৯, ১২, ১৫, ১৮ ও ২৩ বছর বয়সী ছেলে ও মেয়েদের ১০টি গ্রুপে অংশ নিচ্ছে। এদের মধ্যে ছেলে ৫৫ জন ও মেয়ে ২৫ জন।
পেশাদার স্কোয়াশকে উৎসাহিত করার জন্য ছেলে ও মেয়েদের একটি করে গ্রুপ (অনুর্ধ-১৯) প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন (পিএসএ) অনুমোদিত "স্যাটেলাইট টুর্নামেন্ট"-এ অংশগ্রহণ করছে বিধায় পেশাদার ২/৩ জন খেলোয়াড় অর্থ পুরস্কার ও বিশ্ব র্যাঙ্কিং নম্বর পাবে। সে কারনে এই প্রতিযোগীতার মাধ্যমে বাংলাদেশের স্কোয়াশ সৌখিন পর্যায় থেকে ধীরে ধীরে পেশাদার স্কোয়াশে পদার্পণ শুরু করছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।