বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৯:২২

সিলেট জেলা স্টেডিয়ামে দোকান বরাদ্দে অনিয়ম; দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

ছবি : বাসস

ঢাকা, ১ এপ্রিল ২০২৬ (বাসস) : সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে দোকান বরাদ্দে ভয়াবহ আর্থিক অনিয়ম ও দুর্নীতির চিত্র খুঁজে পেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

স্টেডিয়ামের বরাদ্দকৃত দোকানগুলো সরেজমিনে পরিদর্শন করার সময় প্রতিমন্ত্রী দোকান মালিকদের সাথে কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা তাকে জানান, তারা প্রতিটি দোকানের জন্য মাসিক ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত ভাড়া প্রদান করছেন।

তবে বিস্ময়কর তথ্য হলো, জেলা স্টেডিয়াম কর্তৃপক্ষের দাবি অনুযায়ী প্রতিটি দোকান থেকে সরকারী কোষাগারে জমা হচ্ছে মাত্র ১,৫০০ টাকা। ভাড়ার বিশাল অংকের এই গরমিল থেকে প্রতীয়মান হয় যে, সরকারী কোষাগারে নামমাত্র টাকা জমা দিয়ে বাকি বিপুল পরিমাণ অর্থ একটি অসাধু চক্র আত্মসাৎ করছে। 

এই অনিয়ম দেখে প্রতিমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সরকারী সম্পদের এমন অপব্যবহারের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে বরাদ্দ বাতিল এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।