বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৭:৫৩

বসনিয়ার কাছে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বার বিশ্বকাপের স্বপ্নভঙ্গ ইতালির

ঢাকা, ১ এপ্রিল ২০২৬ (বাসস) : প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করল ইতালি। নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। 

২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে না পারা ইতালির ভাগ্যে এবারের বিশ্বকাপও থাকলো না। সবচেয়ে হতাশাজনক বিষয় হচ্ছে ৪৮ দলের বর্ধিত কলেবরের বিশ্বকাপেও জায়গা করতে পারলো না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।  বসনিয়ার জেনিৎসার বিলিনো পোয়ে স্টেডিয়ামে এসমির বাজরাকতারেভিচ জয়সূচক পেনাল্টি শ্যুট আউটটি নেন, যার মাধ্যমে বসনিয়া ইতালিকে নতুন এক দুঃস্বপ্নে ঠেলে দিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ম্যাচের ১৫তম মিনিটে মোয়েস কিনের গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু ম্যাচের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলতে বাধ্য হওয়ায় চাপ সামলাতে পারেনি তারা।

প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে আলেসান্দ্রো বাস্তোনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ৭৯তম মিনিটে হারিস তাবাকোভিচ গোল করে সমতা ফেরান এবং ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

টাইব্রেকারে ইতালির দুঃস্বপ্ন আরও ঘনীভূত হয়। পিও এস্পোসিতো প্রথম পেনাল্টি মিস করেন, ব্রায়ান ক্রিস্টান্টের শট বারে লেগে ফেরত আসে। এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে বাজরাকতারেভিচ গোল করে জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে ইতালির কোচ জেনারো গাত্তুসো বলেন, “খেলোয়াড়দের পারফরম্যান্স, পরিশ্রম ও মনোভাব দেখে আমি নিশ্চিত তারা এমন আঘাত পাওয়ার যোগ্য নয়। আমি তাদের নিয়ে গর্বিত। তবে এটা মেনে নেওয়া কঠিন।”

এই পরজয়ের ফলে ইতালি ইতিহাসে প্রথম বিশ্বকাপজয়ী দল হিসেবে টানা তিনটি বিশ্বকাপ মিস করল। এর আগে ২০১৮ সালে সুইডেন এবং ২০২২ সালে উত্তর মেসিডোনিয়ার কাছে প্লে-অফে হেরে তারা ছিটকে গিয়েছিল।

অন্যদিকে, বসনিয়া তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলবে। প্রথমবার ২০১৪ সালে বসনিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অজ্যণ করেছিল। ম্যাচ শেষে উচ্ছ্বসিত সমর্থকরা মাঠে নেমে এই জয় উদযাপন করেন।

বসনিয়ার কোচ সার্গেই বার্বারেজ বলেন, “এই খেলোয়াড়দের চরিত্র আছে, আমরা তাদের নিয়ে গর্বিত। আমি তাদের বলেছি, আমাদের প্রতি দুই বছর অন্তর বড় টুর্নামেন্টে যেতে হবে।”