বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৭:৩৫

৪০ বছর পর বিশ্বকাপে ফিরল ইরাক, ‘বিশ্বকে চমকে দেওয়ার’ ডাক কোচের

ঢাকা, ১ এপ্রিল ২০২৬ (বাসস) : বলিভিয়াকে ২-১ গোলে পরাজিত করে বিশ্বকাপ মঞ্চে দীর্ঘ ৪০ বছর পর ফিরে এসেছে ইরাক। প্লে-অফের লড়াই শেষে ৪৮তম ও শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছে ইরাক। চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেই কোচ গ্র্যাহাম আর্নল্ড খেলোয়াড়দের “বিশ্বকে চমকে দিতে” আহ্বান জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে প্রস্তুতিতে বিঘ্ন ঘটলেও, ৪০ বছর পর আবারও বিশ্বকাপে ফিরতে কোন ভুল করেনি ইরাক। চূড়ান্ত পবে তারা গ্রুপ ‘আই’-তে খেলবে ফ্রান্স, সেনেগাল ও নরওয়ের বিপক্ষে।

প্লে-অফে ইরাকের জয়ের নাযয়ক ছিলেন আলি আল-হামাদি ও আয়মেন হুসেইন, যাদের গোলে আসে এই ঐতিহাসিক জয়। সর্বশেষ ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে খেলেছিল ইরাক।

আর্নল্ড বলেন, “বর্তমানে মধ্যপ্রাচ্যে যা চলছে, তা খেলোয়াড়দের জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। তবে আমি খেলোয়াড়দের জন্য খুবই খুশি, ৪৬ মিলিয়ন ইরাকিদের জন্যও।”

তিনি আরও বলেন, “আশা করি এটি ইরাক ও তাদের ফুটবল সম্পর্কে মানুষের ধারণা বদলাতে সাহায্য করবে। বিশ্বকাপে আমরা এমন কিছু করতে চাই, যা কেউ আশা করছে না। চলুন বিশ্বকে চমকে দিই।”

যুদ্ধের কারণে ভ্রমণে বিঘ্ন ঘটায় বেশিরভাগ ইরাকি খেলোয়াড়কে বাগদাদ থেকে জর্ডানে সড়ক পথে গিয়ে তিন দিনের কষ্টকর যাত্রা শেষে মেক্সিকো পৌঁছাতে হয়।

তবুও ম্যাচের শুরু থেকেই ইরাক আত্মবিশ্বাসী ছিল। ৯ম মিনিটে আল-হামাদি হেড করে দলকে এগিয়ে দেন।

৩৮তম মিনিটে বলিভিয়া সমতা ফেরায়। রামিরো ভাকার শট থেকে মোইসেস পানিয়াগুয়া বল নিয়ন্ত্রনে নিয়ে জালে জড়ান।

দ্বিতীয়ার্ধের ৮ মিনিট পর ইরাক আবার এগিয়ে যায়। বদলি খেলোয়াড় মার্কো লক-ফার্জির ক্রস থেকে অধিনায়ক হুসেইন প্রথম টাচেই দারুণ শটে গোল করেন।

শেষ দিকে অতিরিক্ত সময়ে বলিভিয়া জোর চেষ্টা চালালেও ইরাকের রক্ষণভাগ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে।

২০২২ কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে শেষ ষোলোতে নেওয়া আর্নল্ড বলেন, “আমাদের ফিট হওয়ার জন্য দুই মাস সময় আছে। এই বিশ্বকাপে কিছু করতে পারলে সেটি অলৌকিক হবে।”

অন্যদিকে, পরাজয়ে ভেঙে পড়েন বলিভিয়ার কোচ ওস্কার ভিলেগাস। তিনি বলেন, “আমরা বিশ্বাস করেছিলাম আমরা বিশ্বকাপে যেতে পারব। তাই এটি আমাদের জন্য ভীষণ কষ্টদায়ক।”