শিরোনাম

ঢাকা, ৩১ মার্চ ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ টি-টোয়েন্টি ক্রিকেটের অভিষেক মৌসুমেই দুর্দান্ত পারফরমেন্সের জন্য তাসমানিয়া বিগ ব্যাশ বর্ষসেরা খেলোয়াড়ের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন।
বিগ ব্যাশের ২০২৫-২৬ মৌসুমে ব্যাট-বল হাতে পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিবে ক্রিকেট তাসমানিয়া।
গত মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে ১৫ উইকেট শিকার করেন রিশাদ। দলের হয়ে উইকেট শিকারের তালিকায় শীর্ষে ছিলেন রিশাদ ওভারপ্রতি ৭.৮২ রান দেন এবং তার বোলিং গড় ছিল ২০.৮৬। রিশাদের সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট।
রিশাদের সাথে বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন নাথান এলিস, ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী।
রিশাদের মনোনয়নের কারণ ব্যাখ্যা করে ক্রিকেট তাসমানিয়া নিজেদের ওয়েবসাইটে লিখেছে, ‘বেগুনি জার্সিতে নিজের প্রথম বছরেই দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন।’
আগামীকাল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিগ ব্যাশের ২০২৫-২৬ মৌসুমে ভালো পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের পুরস্কার দিবে ক্রিকেট তাসমানিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া সদস্যদের কাছে ই-মেইলের মাধ্যমে এবং নিজেদের ওয়েবসাইটে বিজয়ীদের নাম ঘোষণা করবে তাসমানিয়া।