শিরোনাম

ঢাকা, ৩১ মার্চ ২০২৬ (বাসস) : রান রেটে এগিয়ে থাকার সুবাদে নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্লাঙ্কেট শিল্ডের শততম আসরের শিরোপা জিতল ক্যান্টাবুরি।
২০২৫-২৬ মৌসুমে ৮টি করে ম্যাচ খেলে সমান ৯৯ করে পয়েন্ট পেয়েছে ক্যান্টাবুরি ও ওটাগো। এমনকি পয়েন্ট টেবিলে দু’দলের জয়-হার ও ড্রও সমান। সমান ৪টি জয়, ১টি ও ৩টি করে ড্র করেছে তারা।
এ অবস্থায় লিগ পর্ব শেষে শিরোপা নির্ধারনের জন্য দ্বিতীয় টাই-ব্রেকার বা নেট রান রেটকে বিবেচনায় নেওয়া হয়। সেখানে রান রেটে এগিয়ে থাকায় ঐতিহ্যবাহী প্লাঙ্কেট শিল্ডের শততম আসরের শিরোপা ঘরে তুলে ক্যান্টাবুরি। +০.৫১৬ রান ছিল ক্যান্টাবুরির, ওটাগোর রান রেট -০.২০০।
১৯০৬-০৭ মৌসুম থেকে নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটের এই টুর্নামেন্টের পথচলা শুরু হয়। এবার টুর্নামেন্টের শততম আসর অনুষ্ঠিত হয়। শিরোপা জিতে আসরটি স্মরণীয় করে রাখল ক্যান্টাবুরি। তৃতীয় সর্বোচ্চ ২১বার প্লাঙ্কেট শিল্ডের শিরোপা জিতল তারা। রেকর্ড সর্বোচ্চ ২৪বার চ্যাম্পিয়ন হয় অকল্যান্ড। চলতি মৌসুমে চতুর্থ হয়েছে তারা।
ওয়েলিংটন দ্বিতীয় সর্বোচ্চ ২২ ও ওটাগো চতুর্থ সর্বোচ্চ ১৩বার শিরোপা জয়ের স্বাদ পায়।