শিরোনাম

ঢাকা, ৩১ মার্চ ২০২৬ (বাসস) : অধিনায়ক হ্যারি ম্যাগুয়েরের সাথে নতুন চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাব সূত্র ইএসপিএনকে এই তথ্য নিশ্চিত করেছে।
ইউনাইটেডের সাথে ম্যাগুয়েরের বর্তমান চুক্তির মেয়াদ জুনে শেষ হয়ে যাচ্ছে। ইতোমধ্যেই তার এজেন্ট ও ক্লাবের মধ্যে সমঝোতা অনেকখানি এগিয়ে গেছে এবং উভয় পক্ষ থেকেই এই আলোচনাকে বেশ ইতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অভিজ্ঞ এই ডিফেন্ডারের সাথে নতুন চুক্তির মেয়াদ হতে পারে এক বছরের। অর্থ্যাৎ ২০২৭ সালের জুন পর্যন্ত ম্যাগুয়েরে ওল্ড ট্র্যাফোর্ডে থাকতে পারেন। সাথে আরো এক বছর চুক্তি বাড়ানোর শর্তও রয়েছে।
মাইকেল ক্যারিকের অধীনে এবারের প্রিমিয়ার লিগ মৌসুমে ইউনাইটেডের নব জাগরণে ম্যাগুয়েরের অনবদ্য ভূমিকা রয়েছে। যে কারনে ইতোমধ্যেই প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্লাবে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ম্যাগুয়েরে।
৩৩ বছর বয়সী ম্যাগুয়েরে শেষ ১০টি ম্যাচেই মূল একাদশে খেলেছেন। বর্তমানে তিনি ইংল্যান্ড জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন। শুক্রবার ওয়েম্বলিতে উরুগুয়ের সাথে ১-১ গোলে ড্রয়ের ম্যাচটিতে ম্যাগুয়েরে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন।
আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ১৩ এপ্রিল ওল্ড ট্র্যাফোর্ডে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ইউনাইটেডের পরবর্তী ম্যাচে অবশ্য নিষেধাজ্ঞার কারনে খেলতে পারবেন না ম্যাগুয়েরে। বোর্নমাউথের সাথে সর্বশেষ ২-২ গোলে ড্রয়ের ম্যাচটিতে ম্যাগুয়েরে লাল কার্ড পেয়েছিলেন।
এদিকে আন্তর্জাতিক দায়িত্ব শেষে লিসান্দ্রো মার্টিনেজের ফিটনেসের ব্যপারে আশাবাদী ক্যারিক। পিঠের ইনজুরির কারনে এখনও দলে ফিরতে পারেননি মাথিস ডি লিট। এই সুযোগে দুই তরুণ লেনাই ইয়োরো ও এইডেন হেভেন মূল দলে নিজেদের জায়গা ধরে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন।
একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে কোবি মেইনুর সাথে দীর্ঘ মেয়াদী চুক্তির বিষয়ে ইউনাইটেড আলোচনা চালিয়ে যাচ্ছে। এই মিডফিল্ডারের সাথে ইউনাইটেডের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। তবে দলের প্রথম পছন্দের একজন খেলোয়াড় হিসেবে ২০ বছর বয়সী মেইনুর সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে আগ্রহী ইউনাইটেড।