বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৭:২৫

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে রেকর্ড আর্থিক জরিমানা নাসিমের

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ মার্চ ২০২৬ (বাসস) : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের উপস্থিতি নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের জন্য জাতীয় দলের পেসার নাসিম শাহকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এটি সবচেয়ে বড় আর্থিক জরিমানা। 

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে সারাবিশ্বের মত জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তানও। এজন্য পিএসএলের ম্যাচগুলোতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু উদ্বোধনী ম্যাচের ভেন্যু গাদ্দাফি স্টেডিয়ামে বিশাল গাড়ি বহর নিয়ে উপস্থিত হয়েছিলেন মরিয়ম। 

এসময় উদ্বোধনী ম্যাচের দুই দল লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে দেখা করেন ও কথা বলেন মরিয়ম। আর সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

সেসব ছবি ও ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন নাসিম। পোস্টের ক্যাপশনে নাসিম লিখেন, ‘কেন লর্ডসের রানির মতো সম্মান করা হচ্ছে তাকে?’

পরবর্তীতে ঐ পোস্ট ডিলিট করে দেন নাসিম। অ্যাকাউন্ট হ্যাক হয়েছে দাবি করে নাসিম বলেন, ‘তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং সেটি পুনরুদ্ধার করেছেন।’

তবে পোস্ট ডিলিট করলেও রক্ষা পাননি নাসিম। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় পিসিবি। কারণ দর্শানোর নোটিশের জবাবে নিঃশর্ত ক্ষমা চান তিনি। তারপরও বড় অঙ্কের আর্থিক জরিমানার কবলে পড়েছেন নাসিম।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘কেন্দ্রীয় চুক্তির বেশ কিছু ধারা ভঙ্গ করেছেন নাসিম। তার বক্তব্য ও ঘটনা পর্যালোচনা করে তার বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের প্রমাণ পায় পিসিবির ডিসিপ্লিনারি কমিটি। এজন্য নাসিমকে মোটা অঙ্কের আর্থিক জরিমানা করা হয়েছে।’

পিএসএলের এগারতম আসরে নবাগত দল রাওয়াপিন্ডি পিন্ডিজের হয়ে খেলছেন নাসিম। পিএসএলের নিলামের ইতিহাসে সর্বোচ্চ ৮ কোটি ৬৫ লাখ রুপিতে নাসিমকে দলে নেয় রাওয়ালপিন্ডি। 

এখন পর্যন্ত মাত্র এক ম্যাচ খেলেছে রাওয়ালপিন্ডি। পেশোয়ার জালমির কাছে ৫ উইকেটে হেরেছে তারা। বল হাতে ৪ ওভারে ৫১ রানে উইকেটশূন্য থাকেন নাসিম।