শিরোনাম

ঢাকা, ৩০ মার্চ ২০২৬ (বাসস) : জুলাইয়ে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে টটেনহ্যাম। ঐ সময়ের মধ্যে হয়তোবা ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায় থেকে নেমে দ্বিতীয় টায়ারের চ্যাম্পিয়নশীপে নাম লেখাবে ক্লাবটি।
বর্তমানে প্রিমিয়ার লিগের রেলিগেশন খরা বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে স্পার্সরা। মাত্র ৭ ম্যাচ পরেই ইগর টুডোর রোববার ক্লাব ছাড়লে মৌসুমে তৃতীয় ম্যানেজারের খোঁজে রয়েছে ক্লাবটি।
এই মুহূর্তে রেলিগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট উপরে রয়েছে লন্ডনের ক্লাবটি। হাতে রয়েছে আর মাত্র সাত ম্যাচ।
ইতোমধ্যেই পরবর্তী মৌসুমে ক্লাবের ভাবমূর্তি ফিরিয়ে আনার পরিকল্পনা শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় প্রাক-মৌসুম সফরে টটেনহ্যাম আগামী ২৬ জুলাই ইডেন পার্কে অকল্যান্ড এফসির মুখোমুখি হবে। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
১৯৭৬ সালের পর এটাই স্পার্সদের দ্বিতীয় নিউজিল্যান্ড সফর।
এ সম্পর্কে অকল্যান্ড এফসির প্রধান নির্বাহী নিক বেকার বলেছেন, ‘এবারের মৌসুমে টটেনহ্যামের সাথে যা ঘটেছে সেটা কোনভাবেই কাম্য নয়। বিশ্বজুড়ে তাদের দারুন একটি সমর্থকগোষ্ঠী রয়েছে এবং তারা একটি হাই প্রোফাইল দল হিসেবেই বহাল থাকবে। তাদেরকে অকল্যান্ডে স্বাগত জানাতে পারার সুযোগ পেয়ে আমরা দারুন খুশী।’
এর আগে টটেনহ্যাম ঘোষনা দিয়েছিল আগামী ২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত তারা অস্ট্রেলিয়ায় সিডনি এফসি ও লন্ডন প্রতিদ্বন্দ্বী চেলসির মোকাবেলা করবে।