বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১৭:১২

নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন ফখর

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ মার্চ ২০২৬ (বাসস) : বল টেম্পারিংয়ের দায়ে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটার ফখর জামান।

গতরাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স ও করাচি কিংস। এ ম্যাচে বলের আকৃতি পরিবর্তনের অভিযোগ উঠে লাহোরের হয়ে খেলতে নামা ফখরের বিরুদ্ধে।

এরই মধ্যে ফখরের বিরুদ্ধে শৃঙ্খলাবিধির লেভেল-৩ পর্যায়ের অপরাধের অভিযোগ এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অপরাধ প্রমান হলে এক বা দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি।

করাচির ব্যাটিং ইনিংসের শেষ ওভারের আগে বল নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করেন অন-ফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি। এসময় আরেক অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সাথে আলোচনা করেন ফয়সাল। পরবর্তীতে বলটি টেম্পারিং করা হয়েছে বলে সন্দেহ করেন তারা। ফলে ঐ বল পরিবর্তন করার সিদ্ধান্ত নেন দুই অনফিল্ড আম্পায়ার।

বল পরিবর্তনের পাশাপাশি লাহোরকে ৫ রান জরিমানাও করেন ফয়সাল ও শরফুদ্দৌলা।

পিএসএলের প্লেয়িং কন্ডিশন ৪১.৩ ধারা অনুযায়ী- বারবার এবং অনিয়মিতভাবে বল পরীক্ষা করতে পারেন আম্পায়াররা।

এছাড়া ৪১.৩.৫.৩ ধরায় বলা আছে, বলের আকৃতি পরিবর্তনের জন্য দায়ী খেলোয়াড় বা খেলোয়াড়দের শনাক্ত করা হলে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি দেওয়া হবে।

ম্যাচ শেষে পিসিবি জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে ম্যাচ রেফারি রোশান মহানামা একটি শুনানি পরিচালনা করবেন এবং অভিযোগের মুখোমুখি হবেন ফখর।