বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১৪:৫৬

প্রথম ম্যাচে ব্রেভিসকে পাচ্ছে না চেন্নাই

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ মার্চ ২০২৬ (বাসস) : সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচে খেলতে পারবেন না ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। এমনকি চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচও মিস করতে পারেন তিনি। 

এমনটাই জানিয়েছেন চেন্নাইয়ের প্রধান কোচ নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং। তিনি বলেন, ‘আইপিএলের শুরুতে পাওয়া যাবে না ব্রেভিসকে। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে সে। দ্বিতীয় ম্যাচে ফিরবে কিনা, সেটি এখনই বলা যাচ্ছে না। আশা করি, খুব দ্রুত মাঠে ফিরবে সে।’

গৌহাটিতে আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু করবে চেন্নাই। 

ইতোমধ্যেই অস্ট্রেলিয়ান পেসার ন্যাথান এলিসকেও হারিয়েছে চেন্নাই। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আইপিএলের পুরো আসর থেকে ছিটকে গেছেন তিনি। 

এলিসের বদলি হিসেবে আরেক অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকে দলে নিয়েছে চেন্নাই। আগামী ২১ থেকে ২৩ এপ্রিলের মধ্যে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। এখনও পিঠের ইনজুরি থেকে সুস্থ হতে পারেননি জনসন। 

এদিকে পায়ের পেশির ইনজুরির কারণে প্রথম দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন চেন্নাইয়ের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মহেন্দ্র সিং ধোনি।