শিরোনাম

ঢাকা, ৩০ মার্চ ২০২৬ (বাসস) : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান এবং ব্যাটার পারভেজ হোসেন ইমনের লাহোর কালান্দার্স।
গতরাতে টুর্নামেন্টের ষষ্ঠ ও নিজেদের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের কাছে ৪ উইকেটে হারে লাহোর। নিজেদের প্রথম ম্যাচে হায়দারাবাদ কিংসম্যানকে ৬৯ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল লাহোর।
ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাহোর। করাচির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি লাহোরের ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রানের মামুলি সংগ্রহ পায় তারা। দলের হয়ে আব্দুল্লাহ শফিক ৩৩ ও হাসিবুল্লাহ খান ২৮ রান করেন।
চার নম্বরে ব্যাট হাতে নেমে ১টি ছক্কায় ১২ বলে ১২ রান করেন ইমন। আগের ম্যাচে ১টি ওভার বাউন্ডারিতে ১৩ বলে ১৪ রান করেছিলেন তিনি।
লাহোরের দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পান মুস্তাফিজ। এগার নম্বরে নেমে অপরাজিত ১ রান করেন তিনি। করাচির হয়ে ২টি করে উইকেট নেন মঈন আলি, মির হামজা ও এডাম জাম্পা।
১২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শাহিন শাহ আফ্রিদি ও মুস্তাফিজুর রহমানের বোলিং নৈপুন্যে ৩৯ রানে ৩ উইকেট হারায় করাচি।
ইনিংসের অষ্টম ওভারে প্রথম বোলিং আক্রমনে এসে ১ রানে ১ উইকেট নেন মুস্তাফিজ। এরপর নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে ৫ রান করে দেন তিনি।
লাহোরের দারুণ বোলিং নৈপুন্যে দ্রুত রান তুলতে পারেনি করাচি। ফলে শেষ দুই ওভারে ২৩ রান দরকার পড়ে করাচির। ১৯তম ওভারে ৯ রান দেন মুস্তাফিজ। এতে শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার পড়ে করাচির।
১৯তম ওভার শেষে বলের অবস্থা পরিবর্তনজনিত কারণে লাহোরকে ৫ রান জরিমানা করা হয়। এতে জয়ের জন্য শেষ ওভারে ৯ রানের সমীকরণ পায় করাচি।
পেসার হারিস রউফের করা শেষ ওভারের প্রথম বলে উইকেট হারালেও, দ্বিতীয় বলে চার ও তৃতীয় বলে ছক্কায় করাচির জয় নিশ্চিত করেন আব্বাস আফ্রিদি।
করাচির হয়ে মুহাম্মদ ওয়াসিম ৩৭ বলে ৩৮, সাদ বাইগ ১৯, মঈন ১৮, আজম অপরাজিত ১৪ ও আব্বাস অনবদ্য ১০ রান করেন।
৪ ওভারে ২০ রানে ১ উইকেট নেন মুস্তাফিজ। লাহোরের হয়ে প্রথম ম্যাচেও দারুণ বোলিং করেন ফিজ। হায়দারাবাদের বিপক্ষে ৪ ওভারে ১৯ রানে ১ উইকেট শিকার করেছিলেন তিনি।