শিরোনাম

ঢাকা, ২৯ মার্চ ২০২৬ (বাসস) : লংগার ভার্সন ফরম্যাটে তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্যে আগামীকাল থেকে ‘ ইয়ুথ ক্রিকেট লিগের’ চার দিনের আসর শুরু হতে যাচ্ছে।
লিগ ভিত্তিক এবারের আসরে মোট চারটি দল অংশ নেবে। দলগুলো হল- সেন্ট্রাল জোন, ইস্ট জোন, নর্থ জোন এবং সাউথ জোন।
লিগ পর্বে একবার করে একে অপরের মুখোমুখি হবে দলগুলো। পয়েন্ট টেবিলে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল শিরোপা জিতবে।
যদি লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সমান পয়েন্ট পায় তাহলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, উভয় দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
ঢাকা ও ঢাকা মেট্রো বিভাগের খেলোয়াড়দের নিয়ে সেন্ট্রাল জোন দল গঠন করা হয়েছে। নর্থ জোন দল গঠিত হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগের খেলোয়াড়দের সম্বনয়ে।
ইস্ট জোনে রয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের খেলোয়াড়রা এবং সাউথ জোন থাকছে বরিশাল ও খুলনার খেলোয়াড়রা।
প্রতিযোগিতার সবগুলো ম্যাচ কক্সবাজার স্টেডিয়ামের দু’টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
আগামীকাল থেকে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামের মূল ভেন্যুতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সেন্ট্রাল জোন এবং সাউথ জোন। দিনের আরেক ম্যাচে কক্সবাজার ক্রিকেট একাডেমিতে লড়বে ইস্ট জোন ও নর্থ জোন।