শিরোনাম

ঢাকা, ২৯ মার্চ ২০২৬ (বাসস) : বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ভেন্যু আজতেকা স্টেডিয়াম দর্শকদের জন্য উন্মুক্ত করার দিনই একটি দূর্ঘটনা ঘটেছে। মেক্সিকো সিটির এই স্টেডিয়ামে পর্তুগাল বনাম স্বাগতিক মেক্সিকোর মধ্যকার প্রীতি শুরু হবার কিছুক্ষন আগে দেয়াল বেয়ে নামার সময় পড়ে গিয়ে এক সমর্থকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
বিশ্বকাপের জন্য দীর্ঘ সংস্কার শেষে এদিনই স্টেডিয়ামটি প্রথম খোলা হয়। আগামী ১১ জুন এই মাঠেই মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুনভাবে সংস্কার করা এই স্টেডিয়ামে বিশ্বকাপের আগে অবকাঠামোর সক্ষমতা পরীক্ষা করার জন্য এই ম্যাচটি একটি “স্ট্রেস টেস্ট” হিসেবে আয়োজন করা হযয়েছিল।
কর্তৃপক্ষ জানায়, নিহত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি দ্বিতীয় টায়ারের বক্স সিট এলাকা থেকে প্রথম টায়ারে নামার চেষ্টা করেন এবং স্টেডিয়ামের বাইরের অংশ বেয়ে নামতে গিয়ে নিচে পড়ে যান।
এই স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে এটি ১৯৭০ ও ১৯৮৬ সালের পর তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করবে, যা একটি রেকর্ড।
ঘটনাটি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ভেতরে খুব বেশি প্রচার করা হয়নি। নির্ধারিত সময়েই খেলা অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামের নিরাপত্তাকর্মী ও উপস্থিত অনেক দর্শকই ঘটনাটি সম্পর্কে খুব কম তথ্য জানতেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে মেক্সিকো সিটি পাবলিক প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘটনার পরম্পরা সঠিকভাবে নিরূপণ এবং সম্ভাব্য দায়বদ্ধতা নির্ধারণের লক্ষ্যে স্টেডিয়াম ও এর প্রবেশপথের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দি গ্রহণের কাজ চলছে। একইভাবে মৃত্যুর কারণ এবং পড়ে যাওয়ার সময় ওই ব্যক্তির শারীরিক অবস্থা নিশ্চিত করতে সংবিধিবদ্ধ ময়নাতদন্ত প্রক্রিয়াও চলমান রয়েছে।