শিরোনাম

ঢাকা, ২৯ মার্চ ২০২৬ (বাসস) : বিভিন্ন ধরনের অসুস্থতা ও ইনজুরির কারনে শনিবার আটজন খেলোয়াড় ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় ওয়েম্বলিতে আগামী মঙ্গলবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে বিপাকে পড়েছে ইংল্যান্ড বস থমাস টাচেল।
শুক্রবার উরুগুয়ের সাথে প্রথম প্রীতি ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে ইংল্যান্ড। এফএ জানিয়েছে আটজন খেলোয়াড় চলে যাওয়ায় ৩৫ সদস্যের দল থেকে বর্তমান আন্তর্জাতিক বিরতিতে টাচেল বাধ্য হয়েই বেশ কিছু পরিবর্তন নিয়ে জাপানের মোকাবেলা করতে যাচ্ছেন।
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়া খেলোয়াড়দের মধ্যে অন্যতম হলেন গোলরক্ষক এ্যারন রামসডেল।
এছাড়াও ফিকায়ো টোমোরি ও ডোমিনিক কালভার্ট-লুইনও ইনজুরিতে পড়েছেন। ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার জন স্টোনস শুক্রবারের ম্যাচে চোট পেয়ে ইতোমধ্যেই ক্লাবে ফিরে গেছেন। প্রীতি ম্যাচে আরও ইনজুরিতে পড়েছেন ক্রিস্টাল প্যালেসের এ্যাডাম হোয়ার্টান ও আর্সেনালের নোনি মাদুয়েকে। মাদুয়েকের দুই আর্সেনাল সতীর্থ ডেক্লান রাইস ও বুকায়ো সাকাও উত্তর লন্ডনের ক্লাবটিতে ফিরে গেছেন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই ফিফা দলে খেলোয়াড় সংখ্যা বৃদ্ধি করে ২৬জন করেছেন। আগামী ১৭ জুন টেক্সাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। গ্রুপ-এল’র অপর দুই দল হলো ঘানা ও পানামা।