শিরোনাম

ঢাকা, ২৯ মার্চ ২০২৬ (বাসস) : আগামী আগস্টে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
তিনি জানান, আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। একইসাথে তিনি আরও জানিয়েছেন ভবিষ্যতে আবারও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব খেলোয়াড়রা ফিরিয়ে দিবে, এমনটা ভাবার সুযোগ নেই।
২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর আর কখনও অসিদের ডেরায় টেস্ট খেলেনি টাইগাররা। অবশেষে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
আগামী ১৩ আগস্ট ডারউইনে এবং ২২ আগস্ট ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। দু’টি টেস্টই চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
এজন্য এই সিরিজটি দু’দলের কাছেই অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন ইংল্যান্ডে ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্ট চলবে। ঐ প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা খেলার প্রস্তাব পেলেও ড্রাফট থেকে অনেকেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। কারণ বাংলাদেশের বিপক্ষে দেশের হয়ে টেস্ট খেলতে চান হেড-হ্যাজেলউডরা।
অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক কামিন্স বলেন, ‘আমাদের বেশ কিছু খেলোয়াড় মাত্র ২০ দিন খেলে প্রায় ৫ লাখ পাউন্ড আয়ের সুযোগ ছেড়ে দিয়েছে। কারণ তারা বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে চায়।’
তিনি আরও বলেন, ‘এখন আমাদের খেলোয়াড়রা দেশের হয়ে খেলতে অনেক বেশি আগ্রহী। এজন্যই এমন মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। কিন্তু ভবিষ্যতে এমনটা হবে সেটা ভাবলে ভুল হবে।’