বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৭:০২

মে মাসের আগে মাঠে ফিরতে পারছেন না স্টোকস

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ মার্চ ২০২৬ (বাসস) : আগামী মে মাসের আগে মাঠে ফিরতে পারছেন না ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এমনটাই জানিয়েছেন কাউন্টি ক্লাব ডারহামের কোচ রায়ান ক্যাম্পবেল। 

তিনি জানান, কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু’তে কেন্টের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল স্টোকসের। কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না।

গত ফেব্রুয়ারিতে ডারহাম একাডেমির অনুশীলনের সময় নেটের পাশে দাড়িয়ে ছিলেন স্টোকস। তখন নেটে ব্যাটিং করা এক ব্যাটারের শটে বল এসে স্টোকসের মুখে আঘাত করে।

এতে ডান গাল ফেটে যায় ও ফুলে কালচে হয়ে যায়। পরে চিকিৎসকের পরমার্শে মেডিকেল পরীক্ষার রিপোর্টে জানা যায়, ‘চিকবোন’ ভেঙে গেছে স্টোকসের। তাই বাধ্য হয়ে অস্ত্রোপচার করতে হয় তাকে।

স্টোকসের ইনজুরি নিয়ে কোচ ক্যাম্পবেল বলেন, ‘স্টোকসের মুখে এত জোরে বলের আঘাত লেগেছিল যে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। মাত্র কয়েক সেন্টিমিটার এদিক-সেদিক হলেই চোখে লাগত। আমরা ভাগ্যবান, বড় বিপদ থেকে বেঁচে গেছেন স্টোকস।’

শুক্রবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু’র ম্যাচে কেন্টের মুখোমুখি হবে ডারহাম। ঐ ম্যাচ দিয়ে মাঠে ফেরার পরিকল্পনা ছিল স্টোকসের। কিন্তু ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় স্টোকসকে সবুজ সংকেত দেননি চিকিৎসকরা। এমনকি মে মাসের আগে তার ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ক্যাম্পবেল। 

আগামী ৮ মে ওস্টারশায়ারের বিপক্ষে স্টোকসকে পাওয়ার আশা করছেন ক্যাম্পবেল। তিনি বলেন, ‘ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য সবুজ সংকেত পাননি স্টোকস। তিন-চার ম্যাচ মিস করবেন তিনি। ৮ মে ওস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে স্টোকসকে পাওয়ার আশা করা হচ্ছে।’

ক্যাম্পবেল আরও বলেন, ‘নিজেকে ফিট করে তুলতে কঠোর অনুশীলন করছেন স্টোকস। তাকে অনেক কিছু প্রমাণ করতে হবে। এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োাজন নেই। অ্যাশেজে খুব ভালো করতে পারেনি সে। একজন পেশাদার হিসেবে, নিজেকে পুরোপুরি ফিট ও প্রস্তুত করতে কাজ করে যাচ্ছে সে।’

আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ঐ সিরিজের আগে নিজেকে ঝালিয়ে নিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরু থেকে খেলতে চেয়েছিলেন স্টোকস।