বাসস
  ২৮ মার্চ ২০২৬, ২০:২৮

স্বাধীনতা দিবস বিচ হ্যান্ডবলে যমুনা চ্যাম্পিয়ন

ঢাকা, ২৮ মার্চ ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার আয়োজিত ‘স্বাধীনতা দিবস পুরুষ বিচ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৬’এ চ্যাম্পিয়ন হয়েছে যমুনা বিচ হ্যান্ডবল দল।

আউটার স্টেডিয়ামে কৃত্রিম বিচ হ্যান্ডবল মাঠে এক দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় তিনটি দল। দলগুলো হলো : যমুনা, মেঘনা ও পদ্মা।

ফাইনালে মেঘনা ২০-১৪ পয়েন্টে খেলার প্রথম সেট জিতে নেয়। ২য় সেটে যমুনা ১৪-১২ পয়েন্টে জয় তুলে নিলে খেলা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। যেখানে যমুনা ৮-৪ পয়েন্টে মেঘনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কোষাধ্যক্ষ ও অনুষ্ঠানের প্রধান অতিথি মো: খালেদ আনোয়ার।

চ্যাম্পিয়ন দলকে ৬,০০০ টাকা, রানার্সআপ দলকে ৪,২০০ টাকা এবং ৩য় স্থান প্রাপ্ত দলকে ৩,০০০ টাকার প্রাইজমানি প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহাম্মেদ, যুগ্ম-সম্পাদক রাশিদা আফজালুন নেসা, ফেডারেশনের সাবেক সহ সভাপতি মো: নুরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

গ্রুপ পর্বের ১ম খেলায় যমুনা ২-০ সেটে পদ্মাকে, ২য় খেলায় মেঘনা পেনাল্টি শ্যুট আউটে ১৬-১৪ পয়েন্টে যমুনাকে এবং ৩য় খেলায় মেঘনা ২-০ সেটে হারিয়েছে পদ্মাকে।