শিরোনাম

ঢাকা, ২৮ মার্চ ২০২৬ (বাসস) : ফ্লোরিয়ান রিটজের দুটি দৃষ্টিনন্দন গোল ও দুইটি এ্যাসিস্টে শুক্রবার বাসেলে এক শ্বাসরুদ্ধকর প্রীতি ম্যাচে জার্মানি প্রতিবেশী সুইজারল্যান্ডকে ৪-৩ গোলে হারিয়েছে।
ম্যাচে সুইজারল্যান্ড দুইবার এগিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। প্রথমে ড্যান এনডোয়ে এবং পরে ব্রিল এমবোলোর গোলে ২-১ গোলের লিড পায় সুইসরা। তবে দুইবারই জার্মানি সমতা ফেরায়। আর এই দুই গোলের পেছনেই রিটজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার প্রথম এ্যাসিস্টটি ছিল নিখুঁত এক লম্বা ক্রস, যার মাধ্যমে জোনাথন টাহ তার আন্তর্জাতিক ক্যারিয়রের প্রথম গোল করেন। দ্বিতীয় এ্যাসিস্টটি ছিল রক্ষণভাগ ভেঙে দেওয়া এক পাস, যা থেকে সাজি গ্যানাব্রি ২-২ সমতা আনেন।
দ্বিতীয়ার্ধে লিভারপুলের এই উইঙ্গার তার সেরা পারফরম্যান্স দেখান। পেনাল্টি বক্সের কোনা থেকে অসাধারণ শটে বল জালে জড়িয়ে তিনি জার্মানিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। এরপর আরেকটি চমৎকার গোল করে ম্যাচটি জার্মানির পক্ষে নিশ্চিত করেন। যদিও প্রথম গোলটিতে কিছুটা ভাগ্যের সহায়তা ছিল বলে তিনি স্বীকার করেন।
ম্যাচ শেষে রিটজ জার্মান টিভি চ্যানেল আরটিএলকে বলেন, “প্রথম গোলটিতে আমি ঠিক ওই জায়গায় লক্ষ্য করেছিলাম, এটা বললে মিথ্যা বলা হবে। তবে আমি বলটি অন টার্গেটে রাখতে চেয়েছিলাম। এভাবে গোল হলে আমি খুশি। কিছুটা ইচ্ছা ছিল।”
১৭তম মিনিটে এনডোয়ে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। নটিংহ্যাম ফরেস্টের এই উইঙ্গারের বাঁ পায়ের জোরালো শট জার্মান গোলরক্ষক অলিভার বোমানকে পরাস্ত করে সহজেই জালে ঢুকে যায়।
২৬তম মিনিটে টাহ সমতা ফেরান, যা ছিল জার্মানির হয়ে ৪৪তম ম্যাচে প্রথম গোল। দ্রুত নেওয়া কর্নার থেকে রিটজের দারুণ ক্রসে বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার হেড করে গোল করেন। এই গোলে সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল হতভম্ব হয়ে যান।
যদিও জার্মানি বল দখলে আধিপত্য দেখায়, তবে গোলের সামনে তারা তেমন কার্যকর ছিল না। ৪১তম মিনিটে সুইজারল্যান্ড সেই সুযোগ কাজে লাগায়। সিলভান ভিডমারের ক্রস থেকে এমবোলো ডাইভিং হেডে গোল করে দলকে আবার এগিয়ে দেন।
প্রথমার্ধে সুইজারল্যান্ড বেশি আক্রমণাত্মক ও গতিময় ছিল, তবে বিরতির ঠিক আগে জার্মানি আবার সমতা ফেরায়। রিটজের নিখুঁত পাস থেকে গ্যানাব্রি গোল করে স্কোরলাইন ২-২ করেন।
দ্বিতীয়ার্ধে জার্মানি খেলায় নিয়ন্ত্রণ বাড়াতে থাকে। এসময় বায়ার্নের তরুণ খেলোয়াড় লেনার্ট কার্ল বেঞ্চ থেকে নেমে ভালো পারফরম্যান্স দেখান। তবে এই ম্যাচটি পুরোপুরি রিটজের দখলেই ছিল। তারই ধারাবাহিকতায় দারুণ এক শটে তিনি জার্মানীকে প্রথমবারের মত ম্যাচে এগিয়ে দেন (৩-২)। সুইজারল্যান্ডের পেনাল্টি বক্সের বাইরে থেকে তার বাঁকানো শট বার ছুঁয়ে জালে ঢুকে যায।
ইয়ং বয়েজের বদলি খেলোয়াড় জোয়েল মন্টেইরোও দুর্দান্ত একটি গোল করে ম্যাচে ৩-৩ সমতা আনেন। পেছন ফিরে বল নিয়ে ঘুরে দাঁড়িয়ে ২৫ গজ দূর থেকে অসাধারণ শটে তিনি গোল করেন।
তবে শেষ পর্যন্ত রিটজই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন। বক্সের প্রান্ত থেকে আরেকটি অসাধারণ বাঁকানো শটে গোল করে তিনি জার্মানিকে ৪-৩ ব্যবধানে জয় এনে দেন। রক্ষণভাগে কিছু দুর্বলতা থাকলেও, এই পারফরম্যান্স বিশ্বকাপের আগে জার্মানির সম্ভাবনার এক ঝলক দেখিয়ে দিল।