বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৮

কানাডাকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করতে চায় নিউজিল্যান্ড

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : কানাডাকে হারিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করতে চায় নিউজিল্যান্ড। আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে কানাডার মুখোমুখি হবে ব্ল্যাক-ক্যাপসরা। অন্যদিকে নিউজিল্যান্ডকে হারিয়ে অঘঠনের জন্ম দিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ নেওয়াই কানাডার মূল লক্ষ্য। 

চেন্নাইয়ে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় কানাডার বিপক্ষে খেলতে নামবে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথমবার দেখা হচ্ছে দু’দলের। 

আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে নিউজিল্যান্ড। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটের পথে এগিয়ে যায় ব্ল্যাক-ক্যাপসরা।

টানা দুই জয়ের পর হার বরণ করে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারে তারা। 

আহমেদাবাদে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৫ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করামের ৪৪ বলে অনবদ্য ৮৬ রানে বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পায় কিউইরা। 

৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ইতিমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেলেই সুপার এইটের টিকিট পাবে নিউজিল্যান্ড। এতে সুপার এইটে খেলার স্বপ্ন ধুলিসাৎ হবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার। ৩ ম্যাচে সমান ২ পয়েন্ট আছে আফগানিস্তান ও আরব আমিরাতের। ২ ম্যাচ খেলে এখনও পয়েন্টের দেখা পায়নি কানাডা। 

কানাডার বিপক্ষে ম্যাচ নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘সুপার এইটে খেলার জন্য আমাদের সামনে সহজ সমীকরণ- কানাডার বিপক্ষে জয়। আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। আক্রমনাত্মক ক্রিকেট খেলেই কানাডাকে ধরাশায়ী করতে চাই আমরা।’

নিজেদের শেষ দুই ম্যাচ জিতলে এবং নিউজিল্যান্ড-আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত নিজ-নিজ খেলায় হারলে কানাডার পয়েন্ট হবে ৪। তখন সুপার এইটের জন্য নিউজিল্যান্ডের সাথে রান রেটের হিসাব-নিকাশ করতে হবে কানাডাকে। 

প্রথম দুই ম্যাচে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকার কাছে ৫৭ রানে ও আরব আমিরাতের কাছে ৫ উইকেটে হারে কানাডা। 

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি, কাইল জেমিসন।

কানাডা দল : দিলপ্রীত বাজওয়া (অধিনায়ক), অজয়ভীর হুন্দল, অনশ প্যাটেল, দিলন হেইলিজার, হার্শ থাকের, জাসকারানদীপ বুট্টার, কালীম সানা, কানওয়ারপাল টাথগুর, নভনীত ধালিওয়াল, নিকোলাস কীর্তন, রবিন্দরপল সিং, সাদ বিন জাফর, শিভম শর্মা, শ্রেয়াস মোভা ও যুবরাজ সাম্রা।