বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৯
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৭

ইতালিকে হারিয়ে সুপার এইটে ইংল্যান্ড

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ব্যাটার ও বোলারদের দারুণ নৈপুণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড। 

আজ ‘সি’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে দু’বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ২৪ রানে হারিয়েছে ইতালিকে। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার এইট নিশ্চিত করে ইংলিশরা। এই গ্রুপ থেকে ৩ ম্যাচ খেলে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের জয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ইতালি ও স্কটল্যান্ড।

কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উপরের সারির ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ১৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান তুলে ইংল্যান্ড।

এসময় টম ব্যান্টন ২১ বলে ৩০, ফিল সল্ট ১৫ বলে ২৮ এবং জ্যাকব বেথেল ২০ বলে ২৩ রান করেন।

ষষ্ঠ উইকেটে স্যাম কারানকে নিয়ে ২৫ বলে ৫৪ এবং জেমি ওভারটনের সাথে ১৬ বলে ৩৫ রান যোগ করে ইংলিশদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন উইল জ্যাকস।

কারান ২৫ ও ওভারটন ১৫ রানে আউট হলেও, ৩টি চার ও ৪টি ছক্কায় ২১ বলে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জ্যাকস। তার ২২ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ২০২ রান করে ইংল্যান্ড। 

জবাবে ২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে ইতালি। চতুর্থ উইকেটে ৪৮ বলে ৯২ রানের জুটিতে ইতালিকে লড়াইয়ে ফেরান জাস্টিন মোসকা ও বেন মানেন্তি।

মোসকা ৩৪ বলে ৪৩ রানে থামলেও ২৫ বলে ৬০ রানের মারমুখী ইনিংস খেলেন মানেন্তি। 

দলীয় ১৩৫ রানের মধ্যে মোসকা ও মানেন্তি ফেরার পর ২০ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে হার বরণ করে নেয় ইতালি। 

ইংল্যান্ডের হয়ে ওভারটন ১৮ রানে ও কারান ২২ রানে ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন জ্যাকস।