শিরোনাম

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ফারজানা ইয়াসমিনের ক্যামিও ইনিংসের সুবাদে রাইজিং স্টার্স নারী এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকা ‘এ’ দলকে ৪ রানে হারিয়েছিল ফাহিমা খাতুনের দল।
ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে থাইল্যান্ড। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ পায়নি থাইল্যান্ড। ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন নান্নাপাত কোচারোএনকাই।
ফাহিমা খাতুন ও শরিফা খাতুন ২টি করে উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও জান্নাতুল ফেরদৌস।
১০৪ রান তাড়া করতে নেমে ১১ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৪৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন শামিমা সুলতানা ও লতা মন্ডল। শামিমা ২৬ ও লতা ৩০ রানে আউট হন।
এরপর অধিনায়ক ফাহিমা খাতুন ১২ রানে থামলে শেষ ওভারে জয়ের জন্য ১২ রান দরকার পড়ে বাংলাদেশের। ঐ ওভারের প্রথম বলে ১ রান আসার পর, দ্বিতীয় বলে চার ও তৃতীয় বলে ছক্কা মেরে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন ফারজানা। চতুর্থ বলে ফারজানা আউট হলেও পঞ্চম বলে ১ রান নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন জান্নাতুল ফেরদৌস।
৩টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২৩ রান করে ম্যাচ সেরা হন ফারজানা।
আগামী ১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।