বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১২

পাল্লেকেলেতে হাসারাঙ্গাকে ছাড়া মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে শ্রীলংকা

ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : আগামীকাল গ্রুপ-বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ওমানের মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলংকা। শ্রীলংকার বিশ্বকাপ অভিযান শহর বদলাচ্ছে, তবে এর মধ্যে কিছুটা অনিশ্চয়তার ছাড়া দেখা গিয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অভিজ্ঞ ওয়ানিন্দু হাসারাঙ্গা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। টুর্নামেন্ট গতি পাওয়ার মুহূর্তে সহ-আয়োজকদের জন্য এটি বড় ধাক্কা। 

তার অনুপস্থিতিতে বোলিং পরিকল্পনা ও মাঠের উপস্থিতিতে স্পষ্ট শূন্যতা তৈরি হয়েছে। কাগজে-কলমে ওমানের বিপক্ষে ম্যাচটি খুব কঠিন মনে না হলেও, সবার নজর থাকবে প্রধান স্পিনারকে ছাড়া শ্রীলংকার আক্রমণভাগ কীভাবে সাড়া দেয় তার ওপর।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এটি হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। সকাল ১১টাযয় শুরু হবে ম্যাচটি। কলম্বো থেকে ভেন্যু বদল মানে ভিন্ন কন্ডিশন, তবে এখানেও স্পিনই বড় ফ্যাক্টর হতে পারে। এ মাঠে পেসারদের তুলনায় ধীরগতির বোলাররা বেশি সফল হিসেবে প্রমানিত হয়েছে। ফলে তারকা স্পিনার না থাকায় মাহেশ থিকশানা ও অন্য স্পিনারদের ওপর বাড়তি দায়িত্ব পড়বে।

আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতেও স্বাচ্ছন্দ্য ছিল না লংকানরা। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে তারা একটি বাউন্ডারিও মারতে পারেনি। যে কারনে মাঝের ওভারগুলোতে চাপে পড়েছিল। পরে কামিন্দু মেন্ডিস ভালো ফিনিশ দেন। সামনে কঠিন ম্যাচ আসছে, তাই টপ অর্ডারের কাছ থেকে আরও ইতিবাচক ও ছন্দময় ব্যাটিং আশা করবে দল।

ওমানের জন্যও এটি নানা দিক থেকে নতুন অভিজ্ঞতা। শ্রীলংকার বিপক্ষে তাদের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ এটি। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া এবং ব্যাটিংয়ে আরও সংযত থাকা হবে মূল চাবিকাঠি। জিম্বাবুয়ের বিপক্ষে গতি ও বাউন্সে চাপে পড়ে ১০৩ রানে গুটিয়ে যায় ওমান। পরবর্তীতে বড় পরাজয়ের মুখে পড়তে হয়। স্বাগতিকদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে হলে ব্যাটিংয়ে উন্নতি জরুরি।

পাল্লেকেলের উইকেট ধীরগতির, যেখানে স্পিন ও কাটার কার্যকর হবে। ঐতিহাসিকভাবে এখানে রান তাড়া করাই বেশি পছন্দের, তবে মাঝের ওভারে শৃঙ্খলাবদ্ধ বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ২০২৪ সাল থেকে পাল্লেকেলেতে সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। ম্যাচগুলোতে প্রথম ইনিংসের গড় স্কোর ১৫৯। আগে ব্যাট করা দল জিতেছে দুটি, হেরেছে চারটি, একটি টাই। এখানে সর্বোচ্চ প্রথম ইনিংস ২০২৪ সালে ভারতের ৭ উইকেটে ২১৩। আর সফল সর্বোচ্চ রান তাড়া করা ম্যাচটি ছিল ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলংকার।

শ্রীলংকা সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাভান রত্নায়েকে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেলালাগে, দুশান হেমন্থা, দুশমন্ত চামিরা, মাহেশ থিকশানা, মথীশা পাথিরানা।

ওমান সম্ভাব্য একাদশ: জাতিন্দর সিং (অধিনায়ক), আমির কালিম, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলি, করণ সোনাওয়ালে, জিতেন রামানন্দি, বিনায়ক শুক্লা (উইকেটরক্ষক), সুফিয়ান মেহমুদ, নাদিম খান, শাহ ফয়সাল, শাকিল আহমেদ।