বাসস
  ০৪ মার্চ ২০২৬, ১৬:২২

জুনে আফগানিস্তানকে আতিথ্য দিবে ভারত

ঢাকা, ৪ মার্চ ২০২৬ (বাসস) : এক টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৬-২০ জুন ভারত সফর করবে আফগানিস্তান ক্রিকেট দল। 

দ্বিপাক্ষিক এই সিরিজ শুরু হবে এক ম্যাচের টেস্ট দিয়ে। আগামী ৬-১০ জুন নিউ চন্ডিগড়ে এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই টেস্ট ম্যাচটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের (ডব্লিউটিসি) অংশ নয়। 

এনিয়ে দ্বিতীয়বারের মত আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত। প্রথম টেস্টটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। ম্যাচটিতে ভারত ইনিংস ও ২৬২ রানের বিশাল ব্যধানে জয়ী হয়েছিল। 

লাল বলের ম্যাচের পর প্রথমবারের মত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আগামী ১৪-২০ জুন মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি ধর্মশালায়, দ্বিতীয়টি লাক্ষ্মৌ ও তৃতীয় ম্যাচ চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। 

এ বছর ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হবার মাত্র ছয়দিনের মধ্যে আফগানিস্তানকে আতিথ্য দিবে ভারত। 

চলমান আইসিসি টি২০ বিশ্বকাপের পর আফগানিস্তানের বিপক্ষে প্রথম হোম সিরিজ খেলতে যাচ্ছে ভারত। 

আফগানিস্তান সিরিজের সূচী :

একমাত্র টেস্ট : ৬-১০ জুন, নিউ চন্ডিগড়

১ম ওয়ানডে : ১৪ জুন, ধর্মশালা
২য় ওয়ানডে : ১৭ জুন, লাক্ষ্মৌ
৩য় ওয়ানডে : ২০ জুন, চেন্নাই